সরকারি ভাষ্য
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ১৮:২৯
সরকার যখন বলছে, বৃষ্টি হবে;
তুমি উড়ন্ত মেঘের ছায়ার পেছনে হাঁটো!
মনে রেখো, তোমার ওপর কিন্তু ছায়া নেই;
লাল ধুলোর মোজায় ঢেকে গেছে তোমার পা,
আঙুলে, হাঁটুতে ব্যথা কমছে না; বাড়ছেই।
মেঘের বিবেক ছায়ার ক্রন্দন ফেলে উড়ে যাচ্ছে;
তুমি কখনো বা দৌড়ে যাচ্ছ ছায়ার তাঁবুর নিচে;
কখনো, ধূসর ধাবমান তাঁবুর পেছনে পড়ে যাচ্ছ তুমি।
যেতে যেতে নদী, তোমার ভেতর জেগে ওঠে আশা;
মেঘ নেমে আসে নদীর শিয়রে, ঠান্ডা বাতাস বইছে;
চোখে ভেসে ওঠে বৃষ্টি-স্বপ্ন, মনে হয়, নামবে এখনি।
যেতে যেতে বনভূমি, তারপর একটি পাহাড়;
নীলের গভীরে উড়ে যাচ্ছে মেঘ,
তোমার তৃষিত চোখ উর্ধ্বমুখী;
ঊষর মাটির নিঃশব্দ কান্না পায়ের তলায়।
সরকার তখনো বলছে, বৃষ্টি হবে।
মেঘের কিছু বিবেক আছে বলে, তোমাকে দেয়নি বজ্রপাত।