নান্দাইলে ১১টি প্রাইমারি
স্কুল ভবন ঝুঁকিপূর্ণ
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২১:২২
উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনকে ‘চরম ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মূলভবন ও ছয়টি মধ্যস্থলের ভবন রয়েছে। এছাড়াও ৫০টি বিদ্যালয় ভবন জরাজীর্ণ উল্লেখ করে তালিকা প্রণয়ন করা হয়েছে। বিদ্যালয়গুলো হচ্ছে—বাশহাটি, আতকাপাড়া, হাওলাপাড়া, কাদিরাবাদ, বিয়ারা, মুশুলি, শেরপুর দক্ষিণ, শাইলধরা, কুলধুরুয়া, কুতুবপুর, পাচরুখি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মেসবাহ্উল ইসলামের পাঠানো চিঠির উদ্ধৃতি দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক বলেন, প্রকৌশলিক পরিদর্শনে বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ বিবেচিত হলেও পাঠদান অব্যাহত রাখার জন্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করে বিকল্প স্থানের ব্যবস্থা করতে হবে। কোন অবস্থাতেই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম চালানো যাবে না। এতে কোন জানমালের কোন ক্ষয়-ক্ষতি হলে সংশ্লিষ্ট বিভাগ কোন দায়-দায়িত্ব নিবে না। তাই কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকি নিয়ে ওইসব ভবনে ক্লাস নিচ্ছেন না।
ম্যানেজিং কমিটির কয়েকজন সভাপতি জানান, বিকল্প ব্যবস্থা করতে হলে অর্থের প্রয়োজন রয়েছে। আমাদের কাছে অর্থের ব্যবস্থা নেই। এখন কর্তৃপক্ষের উচিত পাকা ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম চালিয়ে নেয়ার জন্যে অন্ততপক্ষে টিনশেড ঘর নির্মাণের ব্যবস্থা করে দেয়া। তবে অনেক অভিভাবক মনে করছেন বিকল্প ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে শিশুদের ঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনায় নেয়া উচিত।\