হাজার হাজার কর্মচারী ছাঁটাই করা হবে
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২১:২৪
হাজার হাজার সরকারি চাকরিজীবী ছাঁটাইয়ের অনুমোদন দিয়ে একটি বিল পাস করেছে গ্রিসের পার্লামেন্ট। এতে করে ইইউ’র কাছ থেকে পরবর্তী কিস্তির টাকা পাওয়ার পথ সুগম হল। এবার গ্রিস পাবে ৯ শত ২০ কোটি ডলার। গত বৃহস্পতিবার ১৫৩-১৪০ ভোটে বিলটি পাস হয়। কৃচ্ছ্রতা সাধনের এটি ছিল একটি বড় পদক্ষেপ। এসব সরকারি পদে ছাঁটাইয়ের ব্যাপারে সাংবিধানিক বাধা ছিল। শিক্ষক, পুলিশসহ ১২ হাজার ৫ শত লোক ছাঁটাই করা হবে বর্তমান বছরে। পরের বছরের তালিকায় আছে আরো ৫০ হাজার জন। এই ছাঁটাইয়ের উদ্যোগের কারণে আইএমএফ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ও ইসি’র কাছ থেকে টাকা পাওয়া সহজ হবে।
পার্লামেন্টে ভোটের আগে প্রধানমন্ত্রী অ্যান্টোনিস সামারাস বলেন, আমাদের ভালো দিন আসবে। আমরা এখানেই শেষ হয়ে যাব না। আমরা আবার সমৃদ্ধির পথে এগিয়ে যাব। এদিকে পার্লামেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার রাতেও এথেন্সে বিক্ষোভ চলছিল। বিরোধী এমপি ও মেয়রদের ডাকা বিক্ষোভে প্রায় ৩ হাজার বিক্ষোভকারী অংশ নেয়।