‘সিরিয়ায় মাসে ৫ হাজার মানুষ মারা যাচ্ছে’

সিরিয়ায় লড়াই-সংঘর্ষে প্রতি মাসে ৫ হাজার মানুষ মারা যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব আইভ্যান সিমোনোভিচ। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিফিং দেয়ার সময় একথা জানিয়ে তিনি বলেন, প্রতি মাসে ৫ হাজার মানুষের মৃত্যুই বলে দেয় সিরিয়া পরিস্থিতির কত মারাত্মক অবনতি হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমের। বর্তমানে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন সিমোনোভিচ। ওদিকে সিরিয়া সংঘাত বিশ্বে ২০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক শরণার্থী সঙ্কট সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান কর্মকর্তা এন্টনিও গুটারেস। নিরাপত্তা পরিষদেই এক বক্তব্যে তিনি জানান, এ বছর গড়ে ৬ হাজার মানুষ প্রতিদিন সিরিয়া ছেড়ে পালাচ্ছে। ১৯৯৪ সালে রুয়ান্ডায় গণহত্যার পর শরণার্থীর এমন ভয়াবহ ঢল আর দেখা যায়নি। গুটারেস বলেন, এ বিপুল সংখ্যক সিরীয় শরণার্থী প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগজনক সঙ্কট সৃষ্টি করছে। তবে লেবানন, জর্ডান এবং ইরাকের মতো দেশগুলো সিরীয় শরণার্থীদের আশ্রয় দেয়ায় অসংখ্য প্রাণও বেঁচে যাচ্ছে।