নেতানিয়াহুর হুমকি উড়িয়ে দিলেন রুহানি

ইসরাইলী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর ইরানের ওপর সামরিক হামলার হুমকি উড়িয়ে দিয়ে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এ হুমকি কেবল তার ‘হাসির’ উদ্রেক করেছে। ইরান-ইরাক যুদ্ধে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে এক বক্তৃতায় ইরানী প্রেসিডেন্ট বলেন, ‘যখন কেউ কেউ (যুক্তরাষ্ট্র ও ইসরাইল) বলছে, সম্ভাব্য সকল বিকল্প আলোচনার টেবিলে আছে, তখন ইসরাইলের এ ধরনের বক্তব্য হাস্যকর।’ রুহানি বলেন, ‘আমাদেরকে হুমকি দেয়ার ইহুদীরা কে?’ তিনি জোর দিয়ে বলেন, ইরানের ওপর যেকোন ইসরাইলী হামলার দাঁতভাঙা জবাবের হঁশিয়ারি দেয়ার কারণেই মূলত তেলআবিব তেহরানের ওপর হামলা চালাতে বিরত রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে নেতানিয়াহু রোববার পুনরায় দেশটির ওপর একতরফা সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। একইসঙ্গে তিনি রুহানিকে ‘ভেড়ার বেশে নেকড়ে’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, রুহানি ‘হাসতে হাসতে বোমা তৈরি করবেন।’