দেলদুয়ারে প্রাথমিক শিক্ষক
সমিতির পাল্টাপাল্টি জিডি
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২১:২৯
দেলদুয়ারে প্রাথমিক শিক্ষক সমিতির দুই গ্রুপের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি ও জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আকবর। অপর গ্রুপে রয়েছেন সমিতির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও নান্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির আলী। গত ২৮ জুন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি নুরুজ্জামান আনসারী স্বাক্ষরিত এক চিঠিতে দেলদুয়ার উপজেলা শাখার সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, সহ-সভাপতি কোরেশ মোহাম্মদ ফরিদকে সাময়িকভাবে বহিষ্কার করে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আব্দুল হালিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে আমির আলীকে দায়িত্ব দেয়া হয়েছে। বহিষ্কারের চিঠি নিয়ে উভয়পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় সভাপতি শওকত আকবর দেলদুয়ার থানায় জিডি করেন। আমির আলীও পাল্টা জিডি করেন। এ ব্যাপারে সভাপতি শওকত আকবর বলেন, কেন্দ্রীয় সভাপতি হিসাবে যিনি বহিষ্কার আদেশে স্বাক্ষর করেছেন তিনিই বর্তমানে সমিতি থেকে বহিষ্কৃত। আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। যুগ্ম-সম্পাদক আমির আলী বলেন, বহিষ্কারের চিঠি শতভাগ সত্য। আমাদের কাছে প্রয়োজনীয় প্রমাণপত্র রয়েছে।