‘বিশ্বকাপ জেতাবেন কোহলি’

স্পোর্টস ডেস্ক

তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল— এই কারণে বিশ্বকাপে এবার সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার সাইমন ক্যাটিচের বাজির ঘোড়া এবার বিরাট কোহলির ভারত। তিনি মনে করেন, বিরাট কোহলি ভারতকে তৃতীয়বারের মতো বিশ্বজয়ের আনন্দে ভাসাবেন।

ক্যাটিচ কোহলির ভূয়সী প্রশংসা করে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘কোহলিকে কখনোই এড়িয়ে যাওয়া যায় না। ও ভারতকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতিয়েছে। ও অসাধারণ একজন অধিনায়ক।’

অধিনায়ক কোহলির ক্যারিয়ারে কি এবার একটা বিশ্বকাপ জয় যোগ হতে চলেছে?— এমন প্রশ্নের জবাবে ক্যাটিচ বলেন, ‘কোনো সন্দেহ নেই যে ও এই মুহূর্তে বিশ্বের সেরা অধিনায়ক ও সেরা খেলোয়াড়। ও যদি ভারতকে বিশ্বকাপ এনে দেয় তাহলে তাতে অবাক হওয়ার কিছু নেই। ভারতের বাকি দলটাও তো বেশ ভালো।’

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া নিজেদের বাজে সময় কাটিয়ে উঠেছে। শেষ আটটি ওয়ানডের মধ্যে সবগুলোই জিতেছে অ্যারন ফিঞ্চের দল। তবে, এখনই অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জয়ের জন্য যোগ্য মানতে নারাজ ক্যাটিচ। তিনি বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়া ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। তবে, বিশ্বকাপটা আরো বড় চ্যালেঞ্জ। সেখানে সেরা সব দলের সাথে লড়তে হবে।’

বিশ্বকাপে ভারতের সাথে আরো তিনটি ফেভারিট দলের কথা বললেন ক্যাটিচ, ‘ইংল্যান্ডে যখন বিশ্বকাপ তখন স্বাগতিকরা হবে বড় একটা শক্তিশালী দল। এর বাদে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মঞ্চে শক্ত দল। দলগুলোর প্রতি আমার শুভ কামনা রইল।’