সংবাদ সংক্ষেপ

ফুলবাড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়িতে গত বুধবার উপজেলার কৃতী ৭০ জন পিএসসি ও ৩০ এসএসসি শিক্ষার্থীদের বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ি এডিপি’র উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন সংস্থার সিনিয়র ব্যবস্থাপক মিখাইল গোমেজ। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জাহান আরা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার ও ওয়ার্ল্ড ভিশন সংস্থার শিক্ষা প্রকল্পের ব্যবস্থাপক ডোমিনিক রিবেরু। কোটালীপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছয় বছরের মুন্না নামে গত বুধবার এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মুন্না দুলাল মুন্সী ও মেরী বেগমের ছেলে। জানা যায়, মেরী বেগম প্রকৃতির ডাকে বাইরে যায়। ঘরে ফিরে ছেলেকে না পেয়ে খোঁজাখুজি করে। পরে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বেড়ায় পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বেড়া (পাবনা) সংবাদদাতা \ পাবনার বেড়া উপজেলায় পানিতে ডুবে গত বুধবার সকালে রূপা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে রাকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং নতুন ভারেঙ্গা ইউনিয়নের সাফুল্যাপাড়া গ্রামের রিপন হোসেনের মেয়ে। জানা যায়, গতকাল বুধবার সকালে যমুনা নদী সংলগ্ন বাড়ির ঘাটে গোসল করতে যায়। পরে খোঁজাখুজি করে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। রাণীশংকৈলে পাবলিক লাইব্রেরির কমিটি গঠন রাণীশংকৈল সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে গত বুধবার নব স্থাপিত রাণীশংকৈল পাবলিক লাইব্রেরি কমিটি গঠন করা হয়। এতে ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা ও ঠাকুরগাঁও- ২ সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর মেয়র মকলেসুর রহমান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলামকে উপদেষ্টা এবং ইউএনও এনামুল হককে পদাধিকার বলে সভাপতি, সহ-অধ্যাপক ইয়াসিন আলীকে সহ-সভাপতি, আবু শাহান শাহ ইকবালকে সাধারণ সম্পাদক, প্রভাষক প্রশান্ত বসাককে সহ-সাধারণ সম্পাদক, প্রভাষক সুকুমার চন্দ্র মোদককে কোষাধ্যক্ষ, সোহেল রানাকে দপ্তর সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ভেড়ামারায় কৃষককের মাঝে সার বিতরণ ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে বাহিরচর ইউনিয়নের ১৫০ জন কৃষকের মাঝে গত বুধবার সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমূল ইসলাম ছানা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ। ভালুকায় শেফার্ড মিলে শ্রমিক অসন্তোষ ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে গতকাল বুধবার ভালুকা পৌরসভার কাঁঠালীস্থ শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সকালে ওই মিলের আন্দোলনরত শ্রমিকরা মিলে প্রবেশ করে কাজে যোগদান না করে বিক্ষোভ করে মিলে হামলা ও ভাংচুর চালায়। এক পর্যায়ে মিল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য মিলটি বন্ধ ঘোষণা করেন। সিংড়ায় কৃষক লীগের উদ্যোগে চারা বিতরণ সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় কৃষক লীগের উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার লালোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যুব রেড ক্রিসেন্ট ও সাহিত্য ক্লাবের সদস্যদের মাঝে ৫০০টি চারা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি কামাল উদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক মাহবুব আলম, যুব রেড ক্রিসেন্ট ও সাহিত্য ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ। গাইবান্ধায় যৌন হয়রানির দায়ে কারাদণ্ড গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া পার্বতীপুর গ্রামের এক গৃহবধূকে যৌন হয়রানির দায়ে গত বুধবার ভ্রাম্যমাণ আদালত খোকন খানকে (৩০) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। খোকন একই এলাকার রফি খানের ছেলে। গত মঙ্গলবার রাতে গৃহবধূ বাড়ির উঠানে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে খোকন খান তাকে জাপটে ধরে গালে কামড় দেয়। এ সময় তার চিত্কারে প্রতিবেশিরা এসে খোকন খানকে আটক করে এবং বুধবার সকালে এলাকাবাসী তাকে থানায় সোপর্দ করে। ঝিনাইদহে ১৩৫ শিবির কর্মীর বিরুদ্ধে মামলা ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহে শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে ১১৫ জন অজ্ঞাতসহ মোট ১৩৫ জন শিবির কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। হামলা চালিয়ে ৫ জন পুলিশ কর্মীকে আহত করা, সরকারি কাজে বাধাদান ও সহিংসতার অভিযোগ এনে এস আই এমদাদ হোসেন বাদী হয়ে গত বুধবার রাতে সদর থানায় এ মামলা করেন। শেরপুরে যৌতুকের বলি গৃহবধূ শেরপুর প্রতিনিধি \ শেরপুরে যৌতুকের বলি হয়েছে এক গৃহবধূ। স্বামী-শ্বশুর-শাশুড়ি মিলে ওই গৃহবধূকে খুন করে বলে অভিযোগ উঠেছে। শেরপুর সদর উপজেলার বলাইরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শিখা বেগম (২০) এক সন্তানের জননী। খুনের পরপরই বাড়ির উঠানে লাশ ফেলে ঘাতক স্বামী সোলায়মান (৪২) এবং শ্বশুরবাড়ির লোকজন সবাই পালিয়েছে। এ ঘটনায় নিহতের পিতা গোলাম মোস্তফা বাদী হয়ে স্বামী সোলায়মান, শ্বশুর জালাল উদ্দিন, শাশুড়ির নাম উল্লেখ করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন বলে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। ছাতকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করায় অর্থদণ্ড ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করার অপরাধে জয়রাম দাস নামের এক যুবককে অর্থদণ্ড, অনাদায়ে এক মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জয়রাম দাস দোয়ারা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কবীন্দ্র দাসের পুত্র। মোবাইল ফোনের দোকানে চাকরির সুবাদে বিভিন্ন যুবতীর মোবাইল নম্বর সংগ্রহ করে মোবাইলে সময়-অসময় উত্ত্যক্ত করে থাকে। এজন্য গত বুধবার দুপুরে জয়রামকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্নার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়। ত্রিশালে এমপির ইফতার পার্টির গেইট ও প্যান্ডেল ভাংচুর ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ত্রিশালে এমপির ইফতার পার্টির গেইট ও প্যান্ডেল ভাংচুর করেছে প্রতিপক্ষ। জানা যায়, ত্রিশালে মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শামছদ্দিন আহমেদ ও সাবেক কমিটির সভাপতি হারুন গ্রুপের মধ্যে চলমান বিরোধে গত বুধবার সংসদ সদস্য এডভোকেট রেজা আলীর মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজারে আয়োজিত ইফতার পার্টি ও আলোচনাসভার জন্য তৈরি করা গেইট ও প্যান্ডেল সাবেক কমিটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা ভাংচুর করে। পাচারের সময় ভোমরায় ৪শ কেজি ইলিশ আটক সাতক্ষীরা প্রতিনিধি \ ভারতে পাচারের সময় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে ৩ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ৪শ কেজি ইলিশ মাছ আটক করেছে বিজিবি। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ইলিশ মাছ বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তবে চোরাচালানীকে আটক করতে সক্ষম হয়নি। সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন অফিসার মেজর মাযহার জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে ভোমরা সীমান্তে ইলিশ মাছ নিয়ে আসে চোরাচালানীচক্র। খবর পেয়ে ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ তা আটক করে। মহেশপুরে বিআরডিপির নতুন চেয়ারম্যান মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ মহেশপুর উপজেলা বিআরডিপি অফিসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ। গত ১৫ জুলাই বিআরডিপি অফিস ও নির্বাচন কমিশনার সূত্রে এই তথ্য জানা গেছে। সিরাজুল ইসলাম উপজেলার ফতেপুর গ্রামের রফিকুল ইসলামের বড় ছেলে। তিনি মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান। সিরাজ মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ মাদারীপুর প্রতিনিধি \ ফরিদপুর-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন মারা গেছে। তন্মধ্যে সুলতানা বেগম (২০) গত বুধবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত মঙ্গলবার সন্ধ্যায় মালবাহী একটি ট্রাক যাত্রীবাহী একটি ইজি বাইককে চাপা দিলে ঘটনাস্থলেই চালক হেলাল খান (৩২) মারা যায়। এক বছরের শিশু রহিম ফরিদপুরে নেয়ার পথে মারা যায়। পানছড়িতে বিজিবির ঢেউটিন বিতরণ খাগড়াছড়ি প্রতিনিধি \ জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলার ২০ নং বর্ডার গার্ড বাংলাদেশ লোগাং জোন কর্তৃপক্ষ দরিদ্র দশ পরিবার প্রধানকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও ছনটিলা মহিলা মাদ্রাসার সোলার ক্রয়ের জন্য নগদ পাঁচ হাজার টাকা প্রদান করে। গত বুধবার ২০ বিজিবির লোগাং জোন সদর দপ্তরে জোন অধিনায়ক লে. কর্নেল মো. আবদুর রহমান পিএসসি উপস্থিত থেকে ঢেউটিন বিতরণ করেন। জানা যায়, পানছড়ির শিক্ষা, ক্রীড়া, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রতিবন্ধী পুনর্বাসনসহ পানীয় জলের সংকট নিরসনে টিউবওয়েল স্থাপন ও দুস্থদের নানাভাবে সহায়তা করে থাকে বিজিবি। সোনাতলা হাসপাতালের ফার্মাসিস্ট ওষুধসহ আটক সোনাতলা (বগুড়া) প্রতিনিধি \ গত বুধবার বিকালে সোনাতলা উপজেলা স্বাস্থ্য হাসপাতালের ফার্মাসিস্ট ইয়ার উদ্দিনকে (৪৮) সরকারি ওষুধ নিয়ে যাবার সময় জনতা আটক করে থানায় সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শী জানায়, সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ইয়ার উদ্দিন ৩৬টি হ্যান্ডগ্লাবস, ৪০টি প্যারাসিটামল ট্যাবলেট, ৪০টি ওমিপ্রাজল ট্যাবলেটসহ বেশ কিছু ওষুধ ও স্টক রেজিস্টার বই নিয়ে বাড়ি যাবার সময় আগুনিয়াতাইড় মাস্টারপাড়ায় স্থানীয় জনগণ তাকে আটক করে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হোসনে ফিরোজ জানান, বিষয়টি আমি সিভিল সার্জনকে অবগত করেছি। উক্ত ইয়ার উদ্দিন রাজশাহী জেলার শাহ মখদুম থানার বড় বনগ্রাম ভাড়ালিয়ার ইছার উদ্দিনের ছেলে।