সহযোগী দলগুলোর সুযোগ চান জন্টি রোডস

স্পোর্টস ডেস্ক

সর্বশেষ ১৯৯২ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল রাউন্ড-রবিন ফরম্যাটে। সেবার বিশ্বকাপ হয়েছিল ৯ দলের। এবার ইংল্যান্ডেও একই ফরম্যাটে ফিরেছে ক্রিকেট বিশ্বকাপ। দল সংখ্যা ১০টি।

এবার বিশ্বকাপে খেলছে র্যাংকিংয়ের সেরা ১০টি দল। এর ফলে সহযোগী দেশগুলো তো বটেই, টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েরও বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি। এই ফরম্যাটটা তাই পছন্দ হয়নি দক্ষিণ আফ্রিকান গ্রেট জন্টি রোডসের।

তিনি মনে করেন, ক্রিকেটের প্রসারের জন্য আইসিসির উচিত সহযোগী দেশগুলোর আরো বেশি করে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেওয়া। তিনি বলেন, ‘আমি চাই বিশ্বকাপের মঞ্চে আরো সহযোগী দেশগুলোকে আরো বেশি সুযোগ দেওয়া উচিত। তবে, সমর্থক হিসেবে বিশ্বের সেরা খেলোয়াড়দের এক সাথে দেখতে পাওয়াটা খুবই সৌভাগ্যের ব্যাপার। আমার মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

রোডস মনে করেন, এবারের বিশ্বকাপ জয়ের জন্য সবচেয়ে যোগ্য দল হলো ভারত। তবে, তিনি বাকিদের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলেন, ‘ভারতের হয়তো ১৫ জন সেরা খেলোয়াড় আছে, তবে আমি মনে করি আরো ছয়টা দল আছে যাদের বিশ্বকাপ জয়ের যোগ্যতা আছে। বিশ্বকাপে এবার সেরা সবগুলো দলের খেলা হবে। এখানে যারা নির্ধারিত ম্যাচে নিজেদের সেরা ১১ জন খেলোয়াড় মাঠে নামাতে পারবে, তারাই জিতবে।’

রোডস মনে করেন, আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের মঞ্চে চমকে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। তিনি বলেন, ‘আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজেরও সম্ভাবনা আছে। ওরা এখন আবার ওয়ানডে ক্রিকেটে ভালো করছে। আর এখন ওরা ওয়ানডের যেকোনো শক্তিশালী দলকে হারিয়ে দিতে পারে। আসলে বিশ্বকাপের এই ফরম্যাটে সবগুলো ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।’