বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৬

সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

এর আগে তিন দিনের ম্যাচের সিরিজ জিতেছিল বাংলাদেশের কিশোররা। গতকাল এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করে ফেললো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়রা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর গতকাল দ্বিতীয় ম্যাচ ১৭ রানে জিতেছে বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা হয়েছেন মাহফুজুর রহমান রাব্বি।

খুলনার আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। দলীয় ১১ রানেই ওপেনার মিরাজের উইকেট হারালেও মফিজুল ইসলাম রবিন শুরুতে পাল্টা আক্রমণ করেন। তিনি ৬৯ রান করে ফেরেন। আর শেষ দিকে আইচ মোল্লার ৫২ ও রাব্বির অপরাজিত ৪৪ রান বাংলাদেশকে ২৫৯ রানের পুঁজি এনে দেয়। জবাবে পাকিস্তান শুরুটা ভালো করেছিল। ৩ উইকেটে ১৯৩ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু রাব্বি ও আশিকুরের বোলিংয়ে শেষ পর্যন্ত যেতে পারেনি পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ : ৫০ ওভারে ২৫৯/৭ (রবিন ৬৯, আইচ ৫২, রাব্বি ৪৪*, রিহাদ ৩২, সাকিব ২৪; আসির ২/৪০, আলিয়ান ২/৫৩)।

পাকিস্তান অনূর্ধ্ব-১৬ : ৫০ ওভারে ২৪২/৯ (সামির ৫৫, ওয়াকাস ৩৮, উমের ৩৪, কাসিফ ২৮, হাসিবুল্লাহ ২৫; রাব্বি ৩/৫০, আশিকুর ২/৩৯)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৬, ১৭ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মাহফুজুর রহমান রাব্বি।