পেছনে ফেললেন মরিনহোকে
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পর জানিয়েছেন এটিই তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন শিরোপা জয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে থাকা প্রিমিয়ার লিগের শেষ দিনে ব্রাইটন অ্যান্ড হোভের বিপক্ষে ৪-১ জিতে ১০ বছর পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখলো সিটি। গত রবিবার রাতের এই সাফল্যে শিরোপা জয়ের দিক থেকে পর্তুগীজ কোচ হোসে মরিনহোকে পেছনে ফেলেছেন গার্দিওলা। এটি স্প্যানিশ কোচটির ক্যারিয়ারে ২৬তম শিরোপা জয়।
সিটির একমাত্র প্রতিদ্বন্দ্বী লিভারপুল একসময় তাদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিলো। কিন্তু ঘুরে দাঁড়ানো সিটি এরপর টানা ১৪ ম্যাচ জিতে শিরোপা ঘরে রেখে দেয়।
গার্দিওলা শিরোপা জয়ের পর স্কাই স্পোর্টসকে বলেন, ‘এটাই প্রিমিয়ার লিগের মানদণ্ড। শিরোপা জিততে আমাদের টানা ১৪ ম্যাচ জিততে হয়েছে। আমরা প্রায় দুই-তিন মাস ধরেই জানতাম যে একটি পয়েন্টও খোয়ানো চলবে না আমাদের। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত সব প্রতিযোগিতায় তা করেও দেখিয়েছিলাম আমরা।’
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে এর আগে আরো সাতটি লিগ শিরোপা জিতেছেন গার্দিওলা। এর মধ্যে ২০০৯-১০ সালে বার্সেলোনা ডাগআউটে জেতা শিরোপাটিকেই এতদিন গার্দিওলার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শিরোপাজয় বলে ধরা হতো।
সেবার ৯৯ পয়েন্টে লিগ জেতা বার্সেলোনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সংগ্রহ ছিলো ৯৬ পয়েন্ট। তবে সে মৌসুমে ৩৭তম রাউন্ডেই কার্যত শিরোপার নিষ্পত্তি হয়ে গিয়েছিলো। তাই ক্যারিয়ারে প্রথমবারের মতো শেষ দিনে জেতা শিরোপাটিকেই সবচেয়ে কঠিন বলে মানছেন গার্দিওলা। তিনি বলেন, ‘এটা আমার ক্যারিয়ারেরই সবচেয়ে কঠিন লিগ শিরোপা।’
শিরোপা জয়টিকে কঠিন করে তোলার পেছনে লিভারপুলের কৃতিত্বও কম নয়। দল দুটির মাঝে এ মৌসুমে শীর্ষস্থান হাতবদল হয়েছে ৩২ বার। এর পেছনে সিটির ম্যাচের সূচিরও ভূমিকা ছিলো কিছুটা। তবে গার্দিওলার বিশ্বাস, প্রতিদ্বন্দ্বী দলটির দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদেই নিজেদের পারফর্মেন্সকে আরো ক্ষুরধার করার প্রেরণা পেয়েছে তার দল। সিটি কোচের ভাষায়- ‘লিভারপুলকেও অভিনন্দন বলতে হবে আমাদের, কেননা তারা আমাদের চাপে ফেলেছিলো যা আমাদের পারফর্মেন্স আরো ভালো করতে সাহায্য করেছে।’
এই জয় দিয়ে সময়ের অন্যতম সেরা কোচ মরিনহোকে পেছনে ফেলেছেন গার্দিওলা। পোর্তো, চেলসি, ইন্টারমিলান, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে মরিনহো শিরোপা জিতেছেন ২৫টি। আর সদ্য জেতা প্রিমিয়ার লিগটি গার্দিওলার ঝুলিতে জমা হলো ২৬তম শিরোপা হিসেবে।
স্প্যানিশ এই কোচের সামনে আছেন কেবল চারজন। অ্যালেক্স ফার্গুসন (৪৯), মিরেচা লুচেস্কু (৩২), ভ্যালেরি লোবানোভস্কি (৩০) ও ওটমার হিটজফেল্ড (২৬)। শেষের জনকে অবশ্য পেছনে ফেলার সুযোগ চলতি মৌসুমেই পাচ্ছেন গার্দিওলা। কারণ ১৮ মে এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডের মুখোমুখি হবে তার দল।