স্পোর্টস ডেস্ক
লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ জানালেন ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে আটকানো কঠিনই হবে। তবে তার বিশ্বাস এটিই ইতিহাসের অন্যতম সেরা দল এবং তারা সিটিকে টপকে যাওয়ার জন্য লড়ে যাবে।
ক্লপের শিষ্যরা রবিবার রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জিতলেও সিটির শিরোপা জয় আটকাতে পারেনি। কোচ পেপ গার্দিওলার সিটি ৪-১ গোলে ব্রাইটনের মাঠে জিতে শিরোপা ধরে রাখে। আর লিভারপুল এক পয়েন্ট পেছনে থেকেই মৌসুম শেষ করে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ৩০টি জয়, ৯৭ পয়েন্টের বিপরীতে মাত্র একটি হার নিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে ব্যর্থ হয়েছে অল রেডরা। জার্মান কোচের বিশ্বাস প্রতিদ্বন্দ্বী সিটির ধারাবাহিকতা ও ব্যয় করার ক্ষমতা ভবিষ্যতে তাদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবে।
ক্লপের ভাষায়, ‘ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন। এটা বলা খুব গুরুত্বপূর্ণ, তারা অবিশ্বাস্য এক মৌসুম কাটিয়েছে। আমরাও ভালো খেলেছি কিন্তু তারাই জিতেছে, তাই পেপ ও সিটির সব লোকজনকে অভিনন্দন। সিটি তাদের মান ও আর্থিক সক্ষমতা ধরে রাখলে তাদের টপকে যাওয়া অন্য দলগুলোর পক্ষে কঠিনই হবে, এটা পরিষ্কার।’
মৌসুমের একমাত্র হারই কাল হয়ে দাঁড়িয়েছে ক্লপের দলের জন্য। জার্মান এই কোচ জানালেন, পরের মৌসুমে শিরোপা জিততে হলে নিখুঁত হতে হবে তার দলকে। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ জিততে হলে আমাদের অনেক বেশি নিখুঁত হতে হবে। আমরা অবিশ্বাস্য বড় পদক্ষেপ নিয়েছি এবং আমি বিশ্বাস করি আরো অনেক কিছুই আসবে এবং এটাই সত্যি।’
আগামী মৌসুমেও শিরোপার জন্যেই লড়বে অল রেডরা, অভিমত ক্লপের। লিভারপুল কোচ বলেন, ‘মানুষজন আমাদের বলতে পারে ত্রিশ বছর কিংবা এর চেয়েও বেশি সময় হয়ে গেছে কিন্তু তাদের সমস্যাটা আরো বড়। আমরা আবারো শিরোপার জন্য লড়ব। এই দলটা প্রথমবারের মতো এটা চেষ্টা করল এবং এটা মাথায় রেখে আমি সত্যিই মনে করি তারা দারুণভাবে তা করেছে।’
টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি এবার ঘরোয়া লিগেও ভালোই প্রতিদ্বন্দ্ব্বিতা করেছে লিভারপুল। ক্লপের বিশ্বাস, এটিই অল রেড ইতিহাসের সেরা দল।
লিভারপুল কোচ বলেন, ‘শিরোপার দৌড়ে টিকে থাকা ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করাটা বিশেষ কিছু। আমি শতভাগ নিশ্চিত যে, এই দলটা লিভারপুল ইতিহাসেরই অন্যতম সেরা দল। ক্লাবটা অনেক বড় সময় ধরেই তাদের সেরা মুহূর্ত কাটাচ্ছে এবং আরেকটা দল তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে লিগ জিতলো বলেই তা শেষ হয়ে যাবে না। এই দলটা নিঃশেষিত কোন প্রবন্ধ নয়। আমি শতভাগ নিশ্চিত যে আমরা আবারো লড়ব।’