সারাদেশে জামায়াতের ঢিলেঢালা হরতাল
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২৩:১৩
গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ডাকা হরতাল সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল সমর্থকদের তেমন কোনো তত্পরতা দৃশ্যমান ছিল না। নোয়াখালীর সেনবাগ বাদে উল্লেখ করার মত সংঘর্ষ কিংবা হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ সেনবাগের গাজীরহাট মোড় ও গাজীরহাট বাজারে গতকাল বৃহস্পতিবার জায়ামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালীন সকাল থেকে দুপুর পর্যন্ত জামায়াত-শিবির ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। এসময় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও বাজারের ১০/১২টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
খবর পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিক ও সেনবাগ থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বিকাল সাড়ে ৩টার দিকে বিজিবি টহল দেখা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মীরা গাজীরহাট মোড়ে পিকেটিং করার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা মিয়া মেম্বারের ‘স’ মিল থেকে কয়েকটি গাছের গুঁড়ি নিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। এ নিয়ে মিয়া মেম্বারের সঙ্গে জামায়াতের কর্মীদের কথা কাটাকাটি হয়। যার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় আকবর আলী কারিগরি কলেজে জামায়াত সমর্থিত শিক্ষক মহিন উদ্দিনকে আওয়ামী লীগ কর্মীরা লাঞ্ছিত করে। এ ঘটনার পর জামায়াত-শিবির কর্মীরা সকাল সাড়ে ৯টার দিকে গাজীরহাট মোড় ও গাজীরহাটা বাজারে বিক্ষোভ মিছিল বের করলে দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সাতক্ষীরা প্রতিনিধি\ সাতক্ষীরা সদর উপজেলা আলিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল করিমকে কুপিয়ে মারাত্মক জখম করেছে জামায়াত-শিবির ক্যাডাররা। বুধবার সন্ধ্যায় আলিপুর ফিলিং স্টেশনের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত ডাক্তার জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ভাড়ুখালী বাজারে চলতি বছরের মার্চ মাসে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাংচুর করে জামায়াত-শিবির কর্মীরা। এ ঘটনায় আব্দুল করিম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এর জের ধরে জামায়াত নেতা মাওঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে মাওলানা জুলু, শাহীনসহ জামায়াত-শিবিরের ১০/১৫ জনের একটি দল তাকে কুপিয়ে মারাত্মক জখম করে।
অপরদিকে দেবহাটা উপজেলার গাজীরহাটে জামায়াত-শিবির কর্মীরা সিরাজুল ইসলাম নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ ঘটনাটি ঘটেছে। দেবহাটা থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, জামায়াত-শিবির কর্মীরা গাজীরহাট বাজারে বৃহস্পতিবার ১১ টার দিকে হরতালের সমর্থনে পিকিটিং করছিল। এ সময় দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (৪০) গাজীরহাট বাজারের উপর দিয়ে যাচ্ছিলেন। জামায়াত-শিবির কর্মীরা এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত সিরাজুল ইসলামকে দেবহাটার সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
রংপুর প্রতিনিধি \ জামায়াতে ইসলামীর ডাকা গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল রংপুরে টিলেঢালা ভাবে পালিত হয়েছে। সকালে নগরীর পার্কের মোড়ে টায়ার জ্বালিয়ে কুড়িগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় সেখানে ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ উপস্থিত হলে তারা পালিয়ে যায়। এদিকে পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী নাইমুর জামানসহ ৩ জনকে ও পীরগাছা উপজেলা থেকে ১ জনকে গ্রেফতার করেছে।
লক্ষ্মীপুর প্রতিনিধি \ সকাল সন্ধ্যা হরতালে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সকালে জেলা শহরের বেড়ীর মাথা নামক স্থানে সড়কে গাছ কেটে রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা।
রাজশাহী অফিস \ বৃহস্পতিবার সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ সত্ত্বেও জামায়াত-শিবিরের হরতাল ঢিলেঢালা পালিত হয়েছে। ভোর সাড়ে ৬টায় পঞ্চবটিতে জামায়াত-শিবিরকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। জামায়াত-শিবির কর্মীদের ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণের জবাবে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ১০ জনকে আটক করে।
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে ৪র্থ দিনে নিরুত্তাপ হরতালের মাঝে ও আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম করেছে জামায়াত শিবির-কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল চলাকালে সদরের আমদৈ ইউপির ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাছুম মন্ডল মোটরসাইকেল যোগে মাধাইনগর বাজারে যাওয়ার সময় শিবির কর্মীরা তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে। এসময় স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।
চট্টগ্রাম অফিস \ জামায়াতের ডাকা গতকাল হরতালে সাড়া মেলেনি বন্দরনগরী চট্টগ্রামে। ঝুঁকি মাথায় নিয়েই নগরবাসী গতকাল বৃহস্পতিবার কাজে বের হয়েছেন। রাস্তায় প্রচুর যানবাহন চলাচল করতে দেখা যায়। নগরীর বিভিন্ন মার্কেট ও কাঁচাবাজারগুলো ছিল খদ্দেরদের ব্যাপক আনাগোনা। সকাল সাড়ে ৮টার দিকে পোলোগ্রাউন্ড এলাকায় শিবিরকর্মীরা একটি বাস ও তিনটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে।
দিনাজপুর অফিস \ জামায়াতের হরতালে সড়ক অবরোধ ও ঝটিকা মিছিল হয়েছে। পুলিশ ৮ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে। গতকাল দিনাজপুরে ঢিলেঢালা হরতাল পালিত হয়। তবে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। সকালে খানসামা উপজেলার পাকেরহাটে জামায়াত-শিবির কর্মীরা রাস্তা অবরোধ করে হরতালের সমর্থনে মিছিল করার সময় বিজিবি-পুলিশের ধাওয়া খেয়ে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় শিবির কর্মী মজনু মিয়া (২৫), মুক্তার হোসেন (২৩) ও জিন্নাত হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।
বরিশাল অফিস \ হরতালের সমর্থনে গতকাল বৃহস্পতিবার ভোরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নগরীর কাশিপুর, গড়িয়ারপাড়, জিয়াসড়ক, বিএম স্কুল, কাউনিয়া বিসিক এলাকা ও কালিজিরাসহ নগরীর ৮টি পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে। এসময় বিক্ষোভকারীরা বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করে। একই সময় জিয়া সড়কে ৫টি যানবাহন ভাংচুর করে ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা।
সীতাকুন্ড (চট্টগ্রাম) থেকে সংবাদদাতা \ সীতাকুন্ডে হরতালে ৪র্থ দিনে পৌরসদরসহ উত্তর দিকে জামায়াত শিবিরের কোথাও কোন পিকেটিং বা ব্যারিকেড দেখা যায়নি এবং উপজেলার মাদামবিবির হাট এলাকায় জামায়াত শিবিরের কর্মীরা কঠোর ব্যারিকেড সৃষ্টি করলে প্রায় ২৫০ গাড়ী আটকা পড়ে।