কনডেম সেলে তিন জামায়াত নেতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২৩:১৩
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত তিন জামায়াত নেতা এখন কনডেম সেলে। গাজীপুরে কাশিমপুর কারাগার-১ এ দেলাওয়ার হুসাইন সাঈদী, কাশিমপুর কারাগার-২ এ মোহাম্মদ কামারুজ্জামান ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এই তিন আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জন্য নির্ধারিত পোশাক পরিধান করেছেন।
কারাসূত্র জানায়, এই তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অন্য সাধারণ বন্দীদের মতোই সুযোগ-সুবিধা পাচ্ছেন। এদের মধ্যে দেলাওয়ার হুসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাগারে ডিভিশনপ্রাপ্ত হলেও ফাঁসির রায় হওয়ার পর তাদের ডিভিশন বাতিল হয়ে যায়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই তিন আসামি নিয়মিত রোজা রাখছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা জানান, বুধবার রায় হওয়ার পর কারাগারে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কনডেম সেলে রাখা হয়। পরানো হয়েছে ফাঁসির আসামির পৃথক পোশাক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখন ২৮ জন ফাঁসির আসামি রয়েছে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাগারের কনডেম সেলে আসার আগেই কারা কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখেন।
এদিকে কাশিমপুর কারাগারের একজন কর্মকর্তা জানান, কারাগার-১ কনডেম সেলে ব্যাপক নিরাপত্তার মধ্যে রয়েছেন দেলাওয়ার হুসাইন সাঈদী। এই রমজানে অন্য বন্দীদের মতোই তিনি ইফতার ও সেহেরীর সুযোগ-সুবিধা পাচ্ছেন।