বাধ্য হয়ে গাজীপুরে ১৪ দলীয় প্রার্থীকে সমর্থন দেন এরশাদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিশেষ চাপের কারণে বাধ্য হয়ে ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। যদিও তার ঘোষণার পূর্বেই জাতীয় পার্টির অনেক নেতাকর্মী ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ শুরু করে। পার্টির চেয়ারম্যানের ১৪ দলকে সমর্থন ঘোষণার পর নেতাকর্মীদের আর পিছনে ফেরার পথ ছিল না। তিনি বলেন, পার্টির নেতাকর্মীদের সকলপ্রকার ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে তৃণমূল পর্যায় থেকে পার্টিকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করে যেতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর জেলা জাতীয় পার্টি আয়োজিত শহরের নীলের পাড়া এলাকায় সবুজ ছায়ায় এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা জাতীয় পার্টির সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কাজী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।