গণতন্ত্রের উন্নয়নে গ্রহণযোগ্য নির্বাচন চায় ব্রিটেন
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২৩:১৪
বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে সরকার ও বিরোধীদলকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার আহবান জানিয়েছেন বৃটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের কো-চেয়ার লর্ড এ্যাভুবারী। বুধবার স্থানীয় সময় বিকাল ৫টায় হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক সেমিনারে সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশের মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্রের উন্নয়নে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
কনজারভেটিভ এমপি এ্যান মেইনের সঞ্চালনায় সেমিনারে লিবারেল ডেমোক্রেটিক পার্টির লর্ড কালাইল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফায়েজ, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. চার্লস টেনক এমইপি, লেবার পার্টির ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন, রুশনারা আলী এমপি বক্তব্য রাখেন। সরকারি দলের পক্ষে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক হোসেন চৌধুরী, তারানা হালিম এমপি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা একেএম মশিউর রহমান, প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। অন্যদিকে বিএনপির পক্ষে আলোচনা অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার নওশাদ জমির, এমএ মান্নান, নিতাই রায় চৌধুরী ও মনীশ দেওয়ান।
সেমিনারে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, সংখ্যালঘু নির্যাতন, গার্মেন্টস ফ্যাক্টরিতে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, প্রতিহিংসার রাজনীতি ও মানবতা বিরোধী অপরাধের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব তুলে ধরে বলেন, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। অপরদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেন, বাংলাদেশে সম্প্রতি পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বিজয় হয়েছে, এ থেকে প্রমাণিত হয় দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। তিনি বলেন, এছাড়া এখন আর আইনের বাইরে গিয়ে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সুযোগ নেই। এইচটি ইমাম হেফাজতে ইসলাম সম্পর্কে বলেন, তারা উগ্র মৌলবাদী। তাদের আচরণে মনে হয়েছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।
সেমিনার শেষে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। এই সেমিনারের মাধ্যমে আমরা ব্রিটেন তথা বিশ্ববাসীকে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব তথা বাংলাদেশের বর্তমান সঙ্কটময় অবস্থার কথা জানাতে চাই। যে রায়ের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে সেই রায়েই বলা হয়েছে, আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে।