নারী সমাজকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছে বামপন্থিরা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২৩:১৮
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ইসলামের শত্রু বামপন্থি নাস্তিকরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হেফাজতে ইসলামের বিরুদ্ধে নারী সমাজকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু তাদের এ অপচেষ্টা দেশের জনগণ সফল হতে দেবে না। ওমরা পালনের জন্য ১৩ দিন সৌদিআরবে অবস্থান শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরে এক বিবৃতিতে আল্লামা শফী এ কথা বলেন।
তিনি বলেন, নারীদের মান-মর্যাদা, ইজ্জত আব্রু এবং নিরাপদ কর্মপরিবেশ রক্ষায় আলেম-ওলামাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশের জনগণও বহু আগে বামপন্থি নাস্তিকদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বামপন্থিদের প্রতি অনাস্থার কারণেই সমপ্রতি বিভিন্ন সিটি নির্বাচনে সরকারের লজ্জাজনক ভরাডুবি ঘটেছে। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বামপন্থিরা যত অপকৌশলই করুক, মানুষ আর তাদের বিশ্বাস করবে না।
ভোরে তিনি বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। একই বিমানে দেশে ফেরেন সংগঠনের প্রচার সম্পাদক আনাস মাদানী, আমীরের ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলম ও মাওলানা মো. মোজাম্মেল।
গত ৪ জুলাই ওমরা পালনের জন্য সৌদি আরব যান আল্লামা শফী। সেখানে অবস্থানকালে ওমরা পালন ছাড়াও তিনি হেফাজতে ইসলামের সৌদি আরবের বিভিন্ন কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং ওলামা সম্মেলনে অংশগ্রহণ করেন।