কাশ্মীরে বিএসএফ’র গুলিতে নিহত ছয় বিক্ষোভকারী
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২৩:২১
ভারত শাসিত কাশ্মীরে গতকাল বৃহস্পতিবার সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছয় বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনের মতো। ঘটনাস্থলে কারফিউ জারি করা হয়েছে। কাশ্মীরে মোবাইল সার্ভিন বন্ধ করে দেয়া হয়েছে। খবর এনডিটিভি ও এএফপি’র।
কাশ্মীরের প্রধান নগরী শ্রীনগরের ২শ’ ৩০ কিলোমিটার দক্ষিণে রামদান জেলার গুল শহরে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ কর্মকর্তারা জানান, বিএসএফ’র গুলিতে ৬ জন নিহত ও ২০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে এই ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ক্ষমতার অপপ্রয়োগ করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র রমজান মাসে নামাজ পড়ার সময় উচ্চৈস্বরে সুরা-কেরাত পড়া নিয়ে অভিযোগ জানাতে বিএসএফ সদস্যরা বুধবার সন্ধ্যায় স্থানীয় মসজিদে যায়। এর প্রতিবাদে মুসল্লিরা বৃহস্পতিবার ভোরে বিএসএফ’র ঘাঁটির বাইরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিএসএফ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়।