মুম্বাইয়ের চতুর্থ আইপিএল
স্পোর্টস রিপোর্টার
আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দুটি দলই ফাইনালে উঠেছিল। সেই দুই দলের অল্প রানের ম্যাচ গড়ালো একেবারে শেষ বল পর্যন্ত। নাটকীয়তার চূড়ান্ত করে ১ রানে ফাইনাল জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসকে হতাশ করে চতুর্থ শিরোপা জিতল মুম্বাই। এই জয়ের পর মুম্বাই অধিনায়ক রোহিত বলেছেন, এই জয়ের কৃতিত্ব একক কারো নয়; কৃতিত্ব সকলের প্রাপ্য।
শেষ ৩ ওভারে ৩৮ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য। ১৮তম ওভারে শেন ওয়াটসন তুলে নেন ২০ রান। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। বল করতে এলেন ম্যাচের সবচেয়ে খরুচে লাসিথ মালিঙ্গা। প্রথম ৫ বলে এসেছিল ৭ রান। শেষ বলে দরকার ২ রান। উইকেট তুলে নেন মালিঙ্গা। অবিশ্বাস্য ১ রানের জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স।
আগে ব্যাট করা মুম্বাই ইন্ডিয়ান্সের টপ ও মিডল অর্ডারে বেশ কয়েক জন ভালো শুরু পেয়েছেন। কিন্তু চেন্নাই সুপার কিংস বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের কারণে ইনিংস বড় করতে পারেননি তারা। শেষ পর্যন্ত কিয়েরন পোলার্ড এসে ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলে স্কোরটাকে ৮ উইকেটে ১৪৯ রানে পরিণত করেন।
জবাব দিতে নেমে দারুণ শুরু করে চেন্নাই। দক্ষিণ আফ্রিকান ওপেনার ফাফ ডু প্লেসিস ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন। কিন্তু এরপর দ্রুত রায়না, রাইডু ও ধোনির উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় চেন্নাই। তবে এক প্রান্তে লড়াই চালিয়ে গেছেন শেন ওয়াটসন।
৫৯ বলে ৮০ রানের ইনিংস খেলে ওয়াটসন আউট হওয়াতেই শেষ হয় চেন্নাইয়ের স্বপ্ন।
এই জয়ের পর রোহিত শর্মা বলেছেন, ‘টুর্নামেন্টজুড়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আর এ জন্যই আমরা ফাইনালে এসেছি। আমরা মৌসুমের শুরুতে আলাপ করেছিলাম যে, টুর্নামেন্টটাকে আমরা দুই ভাবে ভাগ করে বিবেচনা করব। প্রথমে আমরা প্রথমভাগে মনোযোগ দিয়েছি। এরপর পরের অংশে। সবকিছু শেষ পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী হয়েছে।’
দলের সবার কৃতিত্ব দিতে গিয়ে ভারতের এই ওপেনার বলেছেন, ‘এই জয়ের কৃতিত্ব পুরো স্কোয়াডের। শুধু মাঠে এদিন যে এগারো জন খেলেছে, তাদের কৃতিত্ব নয়। আমাদের ২৫ জনের একটা স্কোয়াড আছে। কেউ এর মধ্যে এসেছে, তার ভূমিকা রেখেছে। এছাড়া আমাদের কোচিং স্ট্যাফদেরও দারুণ ভূমিকা আছে এ জয়ে।’
অন্যদিকে এই পরাজয়ের পর চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, মৌসুমটা ভালো গেলেও তারা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেননি, ‘আমাদের দল হিসেবে মৌসুমটা ভালোই গেছে। কিন্তু আমাদের এখন আসলে একটু ভেবে দেখা দরকার যে, আমরা কীভাবে ফাইনালে পৌঁছেছি। এটা এমন মৌসুম ছিল না যে, আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমার মনে হয়, আমাদের আরো অনেক ভালো কিছু করার কথা ছিল।’
তবে ফাইনাল নিয়ে ধোনির বিশ্লেষণ হচ্ছে, দুই দলই অনেক ভুল করেছে। নিজের দল ও মুম্বাই নিয়ে তিনি বলছিলেন, ‘পরাজয় সবসময়ই কষ্ট দেয়। কিন্তু আমরা এর চেয়ে ভালো খেলতে পারতাম। আর এই যে, ফাইনাল ছিল, এটা খুব মজার ছিল— দুই দলই যেন ট্রফিটা পরস্পরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছিল।’