আজ চ্যানেল আইতে বন্যার সাথে খোকন দাসের গান

তরুণ প্রতিভাবান শিল্পী খোকন দাস আজ চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান গানে গানে সকাল শুরু’তে গাইবেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সাথে। সকাল ৭টা শুরু এই সরাসরি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করবেন। উল্লেখ্য, খোকন দাস শিল্পী বন্যার সংগঠন সুরের ধারার একজন নিয়মিত শিল্পী ও ছাত্র। গুণী ছাত্র হিসেবে গুরুর সাথেই তিনি দেশ বিদেশে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সর্বশেষ প্রধানমন্ত্রীর বাসভবনের বিশেষ এক সংগীত সন্ধ্যাতেও তিনি পরিবেশনের সুযোগ হয়েছে। এ ছাড়া কলকাতায় কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মারক ডাকটিকিট উদ্বোধনকালে রেজওয়ানা চৌধুরী বন্যার সাথে এক মঞ্চে সেখানেই গেয়েছেন তিনি। আজকের পরিবেশনা প্রসঙ্গে খোকন দাস বলেন, ‘চ্যানেল আইয়ের এটি খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান। একই সাথে নান্দনিকও বটে। তাই আলাদা একটা প্রস্তুতি তো সবসময় থাকেই। আজকেও বেশ কিছু ব্যতিক্রমী গান পরিবেশনার পরিকল্পনা রয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। চ্যানেল আইতে সরাসরি অনুষ্ঠিত গানে গানে সকাল শুরু অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন প্রখ্যাত শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম।