রাশিয়ায় পুতিনবিরোধী নেতা জামিনে মুক্ত

অর্থ আত্মসাতের অভিযোগে সাজা পাওয়া রাশিয়ার সরকারবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে জামিনে মুক্তি দিয়েছে দেশটির একটি আদালত। খবর বিডিনিউজ’র। শুক্রবার তিনি মুক্তি পেলেও তার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে নাভালনি তার সাজার বিরুদ্ধে আপিলের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। কিরোভের আঞ্চলিক আদালতের তিন বিচারক সিদ্ধান্ত নেন, মামলা চলাকালীন নাভালনি যেহেতু জামিনের শর্ত ভঙ্গ করেননি, সেকারণে তাকে আপিলের রায় ঘোষণার আগ পর্যন্ত মস্কোয় নিজ বাড়িতে অবস্থানের সুযোগ দেয়া যেতে পারে। এর একদিন আগে সরকারের জন্য কাঠ কেনার এক চুক্তি থেকে ৫ লাখ ডলার অর্থ আত্মসাতের কারণে আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়। তবে অর্থ আত্মসাতের মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন পুতিনবিরোধী এই নেতা।