সিনাইতে বন্দুকধারীদের গুলিতে ৩ মিসরীয় পুলিশ নিহত

সিনাইর উত্তরে বুধবার রাতে জঙ্গিদের পৃথক হামলায় তিন মিসরীয় পুলিশ নিহত হয়েছে। সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা জানান, তিন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী শেখ জুবেইদ শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেঁধে যায়। এতে তিন পুলিশ আহত হয়। হামলাকারীরা পরে গাড়িতে করে পালিয়ে যায়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনার খবরে বলা হয়, হামলায় আহত পুলিশ কর্মকর্তা মোহামেদ সাইদ মিতওয়ালী (৩৪) হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর মারা যান। সিনাইয়ের উত্তরাঞ্চলে আল-আরিশ শহরে নিজ বাড়ির সামনে বন্দুকধারীদের গুলিতে আরো এক পুলিশ সদস্য নিহত হয়। এছাড়া জঙ্গিরা আল-আরিশ শহরে আরো একটি পুলিশ স্টেশনের ওপর গুলিবর্ষণ করলে আরো একজন নিহত হয়।