বাংলাদেশি গবেষকের সাফল্য

মসুরে নতুন প্রজাতির ব্যাক্টেরিয়ার সন্ধান

মসুর ফসলের শিকড়ে নডিউল সৃষ্টিকারী নতুন প্রজাতির একটি উপকারী ব্যাক্টেরিয়ার সন্ধান পেয়েছেন ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদ। সম্প্রতি তিনি জার্মানীতে জেনেটিক ডাইভারসিটি অব রাইজোবিয়া নডিউলেটিং লেনটিলস শীর্ষক গবেষণার মাধ্যমে বাংলাদেশ থেকে সংগৃহীত মসুর ফসলে নতুন প্রজাতির এ ব্যাক্টেরিয়ার সন্ধান পেয়েছেন। নতুন প্রজাতির ব্যাক্টেরিয়ার নাম রাইজোবিয়াম দেওয়া হলেও তার প্রজাতির নাম এখনো দেওয়া হয় নি বলে জানান গবেষক ড. হারুন। নতুন প্রজাতির এ ব্যাক্টেরিয়া পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া ব্যাক্টেরিয়ার চেয়ে অনেকগুণ বেশি উপকারী। বাংলাদেশে মসুর ফসলে যে ব্যাক্টেরিয়া পাওয়া গেছে তার নাইট্রোজেন সংগৃহীতের পরিমান ৯৫% যা অন্যান্য দেশে পাওয়া ব্যাক্টেরিয়ার চেয়ে বেশী উপকারী এবং গাছের বৃদ্ধিতে ভূমিকা রাখে। নতুন প্রজাতির এ ব্যাক্টেরিয়ার গবেষণা সম্পর্কে ড. হারুন বলেন, এক ধরনের ব্যাক্টেরিয়া মসুর ফসলের শিকড়ে নডিউল তৈরি করে এবং এর মাধ্যমে গাছ ইউরিয়া সারের বিকল্প হিসাবে নাইট্রোজেন গ্রহণ করে ফলন বৃদ্ধি করে থাকে। বাংলাদেশ ছাড়াও জার্মানী, তুরষ্ক ও সিরিয়া থেকে মসুর ফসলের শিকড়ে নডিউল সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এছাড়া সংগৃহীত ব্যাক্টেরিয়ার বিভিন্ন জৈব-রাসায়নিক বৈশিষ্ট পরীক্ষা করা হয় এবং মসুর ফসলের বৃদ্ধির উপর তাদের প্রভাব পরীক্ষা করা হয় যা উত্কৃষ্টমানের জীবাণুসার উদ্ভাবনে ভূমিকা রাখে।