কুমিল্লায় ছয় মাসে ৬৯ খুন

কুমিল্লায় গত ৬ মাসে ৬৯ জন খুন হয়েছে। জায়গা-জমি সংক্রান্ত বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তার, পারিবারিক কলহ ও রাজনৈতিক বিরোধের জের ধরে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গত ৬ মাসে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ছয় মাসে জেলায় নারী ও শিশু নির্যাতনের সংখ্যা অনেক বেড়েছে। জেলা আইন-শৃংখলা কমিটির সভায় উপস্থাপিত তথ্য ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ১২টি, ফেব্রুয়ারিতে ১০টি, মার্চে ১১টি, এপ্রিল ও মে মাসে ১৩টি করে ২৬টি ও জুনে ১০টিসহ ৬৯টি খুনের ঘটনা ঘটে। এছাড়া এ ছয় মাসে জেলায় নারী ও শিশু নির্যাতনের সংখ্যা বেড়েছে অস্বাভাবিকভাবে। এসময়ে ৪২৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এদিকে গুরুতর অপরাধের ঘটনা অধিকহারে বেড়ে গেছে। এ বিষয়ে কুমিল্লা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় সকল আসামিকে পুলিশ গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণের মাধ্যমে আইনের আওতায় এনেছে। জেলার আইন-শৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’