পুনঃতদন্তের আবেদন হাইকোর্টে গৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যা চেষ্টা মামলার’ চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের উপর দেয়া নারাজি আবেদন গ্রহণ করে তা আইন অনুসারে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন। ২০০২ সালে ৩০ আগস্ট তত্কালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া থেকে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে কলারোয়া থানার সামনে তার গাড়িবহর আক্রান্ত হয়। ওই ঘটনায় কলারোয়া থানা আওয়ামী লীগের তত্কালীন সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন বাদী হয়ে সাতক্ষীরার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। তত্কালীন স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পরামর্শ ও নির্দেশে ওই হামলা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়।