চার সিটি মেয়র ও
কাউন্সিলরদের
শপথ কাল
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২১:৪৯
নব-নির্বাচিত চার সিটি মেয়র ও কাউন্সিলাররা শপথ নিচ্ছেন আগামীকাল ২১ জুলাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ ভবনে এ শপথ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়রদের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কাউন্সিলারদের শপথ পড়াবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছেন।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় জানিয়েছেন, ২১ জুলাই সকাল সাড়ে ৯টায় শপথ হবে। প্রসঙ্গত, গত ২৪ জুন খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে বিজয়ীদের শপথ সম্পন্ন করতে হবে। তবে শপথ অনুষ্ঠিত হলেও নির্বাচিত মেয়র কিংবা কাউন্সিলার কেউই এখন দায়িত্ব পাচ্ছেন না। কারণ মেয়র এবং কাউন্সিলারদের পাঁচ বছরের মেয়াদ এলাকাভিত্তিক শেষ হবে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে।