‘তারেককে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের’

দুদকের দায়ের করা মুদ্রাপাচার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি হলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) এখতিয়ার নেই তাকে ফিরিয়ে আনার। তারেক রহমানকে দেশে আনার দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সচিব বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা তারেকের বিরুদ্ধে মামলা পরিচালনা করি। তারেক বিদেশে থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও দুদক গ্রেফতার করতে পারছে না। তারেককে গ্রেফতারের বা ফিরিয়ে আনার দায়িত্ব দুদকের নয়। এ পরিস্থিতিতে তাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর। প্রসঙ্গত, দুদকের পক্ষে গত ২৬ মে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে আইনজীবী মোশারফ হোসেন কাজল দুর্নীতি মামলায় তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার আবেদন করেন। এর প্রেক্ষিতে আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হক আবেদনটির ওপর শুনানি গ্রহণ করেন। এরপর তারেক রহমানের বিরুদ্ধে ইংরেজিতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে এ মামলায় আদালতে হাজির করার নির্দেশ দেন।