আপীল নিষ্পত্তির আগেই নির্বাচনে অযোগ্য ঘোষণার ষড়যন্ত্র করছে সরকার

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেছেন, আপীল নিষ্পত্তি হওয়ার আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা ও তাদের ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য সরকার নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (আরপিও) এর সংশ্লিষ্ট ধারা সংশোধনের প্রস্তাব দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ই চূড়ান্ত রায় নয়। এ রায়ের বিরুদ্ধে মহামান্য সুপ্রীম কোর্টে আপীল করার সুযোগ রয়েছে। সে আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত রায় হিসেবে বিবেচিত হতে পারে না। অতএব অপরাধী সম্পর্কে চূড়ান্ত পদক্ষেপ নিতে হলে সর্বোচ্চ আদালতে করা আপীলের রায় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। সর্বোচ্চ আদালতের রায়ে কেউ দোষী সাব্যস্ত হলে তখনই কেবল সংশ্লিষ্ট ব্যক্তিকে দোষী বলা যাবে। সর্বোচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আপীলকারী ব্যক্তি অবশ্যই নির্দোষ।