প্রহসনের যুদ্ধাপরাধের বিচার আমরা চাই না :এমকে আনোয়ার

যুদ্ধাপরাধের অভিযোগে চলমান বিচারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, এই প্রহসনের বিচার আমরা চাই না। তিনি আরো বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান আগেই জানিয়ে দিয়েছি। বিএনপি যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে নয়। তবে তা আন্তর্জাতিক মানের, সুষ্ঠু ও স্বচ্ছ হতে হবে। গতকাল জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেলে তিনি এ কথা বলেন। এদিকে, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন এমকে আনোয়ার। তিনি বলেছেন, যে সব ছাত্র তাদের অধিকার আদায়ে আন্দোলন করেছেন, তাদের যদি উদ্দেশ্যমূলকভাবে বাদ দেয়া হয়, তবে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। বর্তমানে যে কোটা পদ্ধতি রয়েছে তা অসামঞ্জস্যপূর্ণ। বিএনপি এর পুনর্বিন্যাস চায়। গত বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কোটাবিরোধী আন্দোলন করতে গিয়ে যারা গাড়ী ভাঙচুর করেছে, তাণ্ডব চালিয়েছে, পাবলিক সার্ভিস কমিশনে তাদের চাকরি হবে না’ বক্তব্য প্রসঙ্গে তিনি একথা বলেন। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক ছাত্রনেতা আজিজুল বারি হেলাল, আমিরুজ্জামান আলিম, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান প্রমুখ।