গ্রামীণ ব্যাংক ধ্বংসচেষ্টার মাধ্যমে সরকার নারীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২২:৪৩
বর্তমান সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার মধ্য দিয়ে কার্যত নারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গ্রামীণ ব্যাংকের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যে ব্যাংকের ৯০ শতাংশ ঋণগ্রহিতা ও শেয়ারহোল্ডার দরিদ্র নারীরা এবং যে ব্যাংক দেশের জন্য নোবেল পুরস্কার নিয়ে এসেছে, সেটি ধ্বংস করার চেষ্টা কখনো সফল হবে না। কিন্তু এর মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে, বর্তমান সরকার নারী অধিকারের নামে সোচ্চার ভূমিকা দেখালেও কার্যক্ষেত্রে তারা নারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা ৮৪ লাখ নারীর মালিকানায় হস্তক্ষেপ করেছে।
“গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসকে নিয়ে সরকারের ষড়যন্ত্র এবং আমাদের অর্থনীতির ভবিষ্যত্ ”শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ড. ইউনূসকে নিয়ে আমাদের গৌরবান্বিত হওয়ার কথা থাকলেও সরকার খুবই হীন স্বার্থে দেশের একমাত্র নোবেল জয়ীকে খাটো করার অপচেষ্টায় লিপ্ত। ইউনূসকে ছোট করার চেষ্টার মাধ্যমে সরকার জাতি হিসাবে আমাদেরকেও বিশ্বের বুকে ছোট করেছে। স্বাধীনতার পর ড. মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার লাভ বাংলাদেশের জন্য সবচেয়ে গৌরবের বিষয় বলেও মন্তব্য করে তিনি বলেন, তারা গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতে চায়। তারা নোবেল জয়ী এই ব্যাংকটিকে টুকরো টুকরো করার পরিকল্পনা নিয়েছে। কিন্তু তাদের জেনে রাখা উচিত যে, গ্রামীণ ব্যাংকের বর্তমান কাঠামোতে হস্তক্ষেপ করলে জনগণ তার জবাব দেবে। বিএনপি ক্ষমতায় এলে গ্রামীণ ব্যাংককে আগের অবস্থায় ফিরিয়ে দেবে।