হেফাজতের মতো আন্দোলন বাংলাদেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে পারে

বাংলাদেশের সামাজিক অবস্থা আজ কঠিন সংকটময় মুহূর্তে এসে দাঁড়িয়েছে। বর্তমানে উদারপন্থী ও পশ্চাদগামী শক্তির মধ্যে লড়াই চলছে। যারা বাংলাদেশের ভবিষ্যত্ নির্ধারণ করবে। সম্প্রতি বাংলাদেশে হেফাজতে ইসলাম আয়োজিত ইসলামী আন্দোলন হয়েছে, যা বাংলাদেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে পারে। শুধু তাই নয় এর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকিরও কারণ হতে পারে। গত বুধবার ভারতের বহুল প্রচারিত ইংরেজি সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়ার এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। ‘বাই কনভিক্টিং গোলাম আযম. বাংলাদেশ কনক্লুডস সাম আনফিনিশড বিজনেস ফ্রম ১৯৭১’ শিরোনামের সম্পাদকীয়তে আরো বলা হয়, একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে গোলাম আযমকে দোষী সাব্যস্ত করে ৯০ বছর কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের মুুক্তিযুদ্ধের সময় তত্কালীন পূর্ব পাকিস্তানের জামায়াতে ইসলামীর আমীর ছিলেন গোলাম আযম। যিনি বাঙালির স্বাধীনতা রুখতে পাকিস্তানি সেনাদের সহায়তা করেছিলেন। রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটির মতো স্বাধীনতা বিরোধী সংগঠন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এদের সহায়তায় পাকিস্তানি সেনাদের হাতে ৩০ লাখ বাঙালি শহীদ হয়। ১৯৭১ সালে যুদ্ধাপরাধের জন্য গোলাম আযমকে দীর্ঘদিন ধরে বিচারের মুখোমুখি করার দাবি ছিলো। গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকারভিত্তিক বাংলাদেশকে কখনো জামায়াত ও তার অঙ্গ সংগঠন মেনে নিতে পারেনি। এমনকি বাংলাদেশের স্বাধীনতার পর এখনো তারা সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছে। তাই বলা যায়, বাংলাদেশের সামাজিক অবস্থা আজ কঠিন সংকটময় মুহূর্তে এসে দাঁড়িয়েছে।