মোদিকে প্রধানমন্ত্রী পদে সমর্থন নাও দিতে পারে শিব সেনা
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২২:৪৪
ভারতীয় জনতা দলের (বিজেপি) পক্ষে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে সমর্থন নাও দিতে পারে শিব সেনা। গতকাল শুক্রবার আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের প্রার্থিতার বিষয়ে শিব সেনার পক্ষ থেকে কোনো উত্সাহ দেখানো হয়নি। বরং শিব সেনার প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, দেশ একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির লোক চায়। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
উদ্ধব ঠাকরে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, দেশ বিশ্বস্ত কাউকে চায়। আপনারা কি এমন একটা মুখ পেয়েছেন যে এই বিশ্বস্ততা রাখতে পারে? এখন পর্যন্ত আমরা ওই ধরনের পরিচ্ছন্ন ভাবমূর্তির কাউকে খুঁজে পাইনি। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে এনডিএ জোটের পক্ষে প্রধানমন্ত্রী কে হচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অনেক বিশ্বস্ত লোক আছে। ধৈর্য ধরুন। আমরা আপনাদের সেই ধরনের একটা মুখ দেখাবো। আর ঠাকরের এ ধরনের মন্তব্য থেকে মনে হচ্ছে মোদিকে তিনি সমর্থন দিচ্ছেন না। অনুষ্ঠান থেকে গিয়ে তিনি বিজেপি নেতা এল কে আদভানির সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। গত মাসে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে প্রার্থিতার ঘোষণার পর আদভানি দল থেকে পদত্যাগ করেন। পরে আবার দলের অনুরোধে ফিরে আসেন। এছাড়া উদ্ধবের এক চাচাতো ভাই এবং মহারাষ্ট্র নবনিরমান সেনা প্রধান রাজ ঠাকরের সঙ্গে মোদির সম্পর্ক থাকার কারণও এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। কারণ ওই দুজনের সঙ্গে উদ্ধবের সম্পর্ক ভাল নয়।
এদিকে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিজেপি নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০টি কমিটি গঠন করেছে। গতকাল এসব কমিটি গঠন করা হয়। তবে বিজেপি এখনো আগামী নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করেনি।