বিএসএফের ধাওয়ায় নদীতে পড়ে বাংলাদেশির মৃত্যু
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ২২:৪৬
বিএসএফের ধাওয়ায় নদীতে পড়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর ওরফে আমবিলাস (৩১)। নিহত জাহাঙ্গীরের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের নতুনবন্দর গ্রামে।
নিহতের পরিবারের অভিযোগ, ভারতীয় ঝাকুয়া বিএসএফ ফাঁড়ির সদস্যরা নির্যাতনের পর তাকে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেয়।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সদর উপজেলার জয়ধরভাঙ্গা বিওপি‘র অধীনস্থ যমুনা নদীর বাংলাদেশের এলাকায় গতকাল শুক্রবার স্থানীয় লোকজন ওই যুবকের লাশ ভাসতে দেখে জয়ধরভাঙ্গা বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবির পক্ষ থেকে পঞ্চগড় থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নদী থেকে উদ্ধার করে। পরে গ্রামবাসী ও পরিবারের লোকজন আমবিলাসের লাশ শনাক্ত করে।
১৮ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, নিহত আমবিলাস একজন চোরাকারবারী।
এদিকে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ জানান, গত বুধবার আমবিলাসসহ ৩ জন ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের ধাওয়া করলে আত্মরক্ষার্থে সবাই যমুনা নদীতে ঝাঁপিয়ে পড়ে। অন্য দু’জন সাঁতরে সীমান্ত পার হয়ে আসলেও আমবিলাস মারা যায়।