টরন্টোতে ববিতার বিশেষ সংবাদ সম্মেলন

এ দেশের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা নিজের অভিনয়গুণে এরইমধ্যে অনেক খ্যাতি কুড়িয়েছেন দেশ-বিদেশ থেকে। আন্তর্জাতিক অনেক সুনামও রয়েছে তার ঝুলিতে। শুধু অভিনয়েই নয়, ববিতা এবার অভিনয়ের বাইরেও বাংলাদেশের নাম তুলে ধরছেন বিশ্ব দরবারে। সম্প্রতি নিজের ছেলের সঙ্গে দেখা করা এবং জাতিসংঘের শুভেচ্ছাদূত হওয়ার বদৌলতে কিছু কাজ সমাপ্তের উদ্দেশ্যে কানাডায় যান তিনি। সেখানে যাওয়ার কয়েকদিন পরই কানাডার বহুল প্রচারিত জাতীয় পত্রিকার প্রচ্ছদে বিশাল কভারেজ অর্জন করেন। এবার তিনি কানাডায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। দৈনিক ইত্তেফাককে তিনি বলেন, ‘একজন সমাজসেবী হিসেবে আমি সবসময়ই চাইব আমার দেশের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সমাধান করতে। এবারের কার্যক্রমের শিরোনাম হলো ‘চাইল্ড রাইটস অ্যান্ড সাইট’। শিশু শ্রম, অধিকার ও তাদের দৃষ্টিশক্তি নিয়েই মূলত এই উদ্যোগ।’ উল্লেখ্য, গত শুক্রবার ১৯ জুলাই টরন্টোস্থ ম্যারিন প্যারাডা ড্রাইভে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইফাতার পার্টি ও রাতের খাবারের আয়োজনও ছিল এই সম্মেলনে।