মুক্তি পেল মানিকের ‘অবাক শহরে’

কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিকের একক অ্যালবাম ‘অবাক শহরে’ ঈদ উপলক্ষে মুক্তি পেল। সম্প্রতি ‘ছায়ামানবী’ শিরোনামের একটি গান দিয়ে আলোচিত হওয়া এই শিল্পীর অ্যালবামে থাকছে ১১টি গান। গানগুলো হলো—‘শিরায় শিরায়’, ‘অবাক শহরে’, ‘ছায়ামানবী’, ‘রংবাজার’, ‘স্মৃতি’, ‘মৃত্যুবার’, ‘মিসকল’, ‘মা’, ‘মন্দভালো সাদাকালো’, ‘রাতের তারা’ ও ‘বাবা’। গান লিখেছেন—অনুরূপ আইচ, জাহিদ আকবর, রেজাউর রহমান রিজভী, রবিউল ইসলাম জীবন, জাফর ফিরোজ ও শিল্পী নিজে। আর সংগীত পরিচালনা করেছেন—বাপ্পা মজুমদার, সজীব দাস, এফ এ সুমন, পারভেজ জুয়েল, ইমরান ও সন্ন্যাসী। ‘মা’ গানটিতে এসরাজ বাজিয়েছেন ভারতের সুখ্যাত বাদক শুভায়ূ সেন মজুমদার। অ্যালবামটি প্রযোজনা করেছে সেভেনটিওয়ান টেলিমিডিয়া। রিংটোন পার্টনার আই ইনফো মিডিয়া। আর দেশে ও বিদেশে পরিবেশনার দায়িত্বে রয়েছে রকমারি ডট কম। শ্রোতারা অনলাইনে এবং ফোনের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে এই অ্যালবাম কিনতে পারবেন। এ ছাড়া, রাজধানীর ২০টি স্পট ও বিভাগীয় শহরগুলোর সিডির দোকানে পাওয়া যাবে ‘অবাক শহরে’।