বিবিসি
পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে একটি ‘বেইল আউট’ প্রোগ্রামের আওতায় ৬শ কোটি ডলার সহায়তা দিচ্ছে আইএমএফ। আগামী তিন বছরের জন্য এই সহায়তা দেওয়া হবে। রবিবার এ বিষয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করেছে আইএমএফ।
দেশটির চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বেশ কয়েক মাস ধরে দফায় দফায় বৈঠকের পর অবশেষে এ চুক্তি সম্পাদিত হলো। তবে এক্ষেত্রে চূড়ান্ত পদক্ষেপের জন্য আইএমএফ ম্যানেজমেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে। ঋণের দায়ে জর্জরিত পাকিস্তানের অর্থনীতি এখন খুবই নড়বড়ে। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। মূল্যস্ফীতির যাঁতাকলে পিষ্ট হচ্ছেন তারা। এ অবস্থা থেকে উত্তরণে তারা বেশ কয়েকমাস ধরে ওই আর্থিক সংস্থা থেকে ঋণ পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন। তাই এই মুহূর্তে ঋণ পাওয়া তাদের অর্থনীতির ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর আগে আইএমএফের কিছু কঠোর শর্তের বিষয়ে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। আইএমএফের প্রত্যাশিত শর্তের বিরোধী ছিল সেদেশের সরকার। ফলে এই প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছে।
অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না এমন সমালোচনার মুখে দেশটির অর্থমন্ত্রীসহ রাষ্ট্রীয় ব্যাংকের প্রধান এবং ফেডারেল ব্যুরো অব রেভিনিউয়ের প্রধানকে সরিয়ে অর্থনৈতিক সেক্টরের পুরো টিমেই পরিবর্তন আনেন প্রধানমন্ত্রী ইমরান খান। আইএমএফের প্রতিনিধিদলের প্রধান রেমিরেজ রিগোর জানিয়েছেন, পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করা ও ভারসাম্যের আর্থিক বৃদ্ধিই এই চুক্তির মূল উদ্দেশ্য। পাকিস্তানে ব্যবসার পরিবেশ তৈরি করা, সরকারি কাজে স্বচ্ছতা আনা, সামাজিক খাতে ব্যয় বাড়ানোর মতো কার্যকলাপগুলো সুনিশ্চিত করা দরকার।