মুক্তাগাছায় বেড়েছে আনারসের ফলন
মনোনেষ দাশ, মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২১:১১
মুক্তাগাছায় চাষিদের অভিজ্ঞতা সৃষ্টি হওয়ায়, বেড়েছে আনারসের ফলন। গত ৩/৪ বছর যাবত্ নতুন নতুন বাগান স্থাপন করা হয়েছে। রোগ ও পোকার উপদ্রব কম থাকায় প্রতি বছরই কৃষক আনারস চাষে আগ্রহী হয়ে উঠছে। চলতি মৌসুমে ৫ শতাধিক হেক্টরে আনারস আবাদ করা হয়েছে। হেক্টর প্রতি ৭০/৮০ থেকে ১শ’টন পর্যন্ত ফলনের আশা করছেন কৃষক।
সরেজমিনে কাঠগোলা, দাওগাও, রামাকানা, রসুলপুর, কমলাপুর প্রভৃতি অঞ্চলের বিভিন্ন আনারস বাগান ঘুরে দেখা যায়, বাগানে পরিপুষ্ট ফল। চাষিরা জানান, আড়াআড়িভাবে সারি করে কোদাল দিয়ে জমি হালকাভাবে তৈরি করে, বর্গাকার, আয়তাকার ও কুইন্সাল পদ্ধতিতে আনারস চারা লাগানো হয়েছে। চুন, ম্যাগনেশিয়াম জাতীয় সার প্রয়োগ করা হয়েছে। গোবর, টিএসপি জমি তৈরিকালে এবং ইউরিয়া ও মিউরেট অব পটাশ সার ফুল আসার আগে প্রয়োগ করা হয়েছে। আনারস গাছ করা রোদ সহ্য করতে লেবু, নারিকেল, সুপারি, কাজু বাদাম ও পেপে ইত্যাদি ফল বাগানে হালকা ছায়ায় আনারস ফলানো হয়েছে। ফুল নিয়ন্ত্রণ ও ফলের আকার বড় করতে হরমোন ব্যবহার করা হয়েছে। মিলিবাগ পোকার উপদ্রবে সুমিথিয়ন, প্যরাথিয়ন ওষুধ দিয়ে স্প্রে করা হয়েছে। কৃষি অফিস সূত্র জানায়, মুক্তাগাছার গড় অঞ্চলের মাটি আনারস চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে ৫ শতাধিক হেক্টরে কুইন, কায়েন ও স্পেনিশ জাতের আনারস চাষ করা হয়েছে।