চৌদ্দগ্রামে পিটিয়ে হত্যা ঘাতকের দোকানে আগুন

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে পিটিয়ে এক যুবককে হত্যা করেছে চাচাতো ভাই। নিহত যুবকের নাম আবদুল মোতালেব(৩০)। শুক্রবার রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্ত যুবকের ফার্মেসী জ্বালিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার আলকরা ইউনিয়নের বান্দেরজলা গ্রামের আইয়ুব আলীর ছেলে মুদি দোকানী আবদুল মোতালেব (৩০) এর সাথে চাচাতো ভাই ডা. নূরুন নবীর ছেলে সোহেল হোসেন বিজয়ের বাড়ির পানি নিষ্কাশনের জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে স্থানীয় দোকানের সামনে বিজয় লাঠি দিয়ে মোতালেবের মাথায় আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন মোতালেবকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়। মোতালেবের নাহিদ নামের তিন বছর বয়সী এক সন্তান রয়েছে। ঘটনার পর থেকে বিজয় ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল মিঞা মারামারির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত হওয়ার পর ওই যুবককে চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।