নরসিংদী কে.জি গুপ্ত হাই স্কুলের নির্বাচিতরা দায়িত্ব পাচ্ছেন না

অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরও নরসিংদীর পাঁচদোনা স্যার কে.জি.গুপ্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা দায়িত্ব পাচ্ছেন না। নরসিংদীর সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ নতুন কমিটি অনুমোদন ও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকল্পে গত ২৭ জুন অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। নির্বাচনে আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন ভূইয়া ওরফে বাচ্চু, মো:আফযাল হোসেন, লিটন চন্দ্র ভৌমিক, সাংবাদিক মো: আবুল বাশার বাছির ও ইয়াছমিন ফরাজী বিপুল ভোটে নির্বাচিত হয়। নির্বাচনের পর কমিটি গঠনকল্পে গত ২ জুলাই নরসিংদীর সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহম্মেদের সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক মতামতের ভিত্তিতে আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন ভূইয়া ওরফে বাচ্চুকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। পরবর্তীতে প্রিজাইডিং অফিসার এসি (ল্যান্ড) সোহেল আহমেদ বিষয়টি নিয়ে ইউএনও সাহেবের সাথে আলোচনা করে রেজুলেশনে স্বাক্ষর করবেন বলে চলে যান। এর পরদিন নোটিস খাতা, রেজুলেশন খাতা ও নির্বাচিতদের বায়োডাটাসহ নির্বাচন সংক্রান্ত কাগজপত্র তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে স্কুল থেকে নিয়ে আটকে রাখেন। এ ঘটনা নিয়ে স্কুলের শত শত ছাত্র-শিক্ষক অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।