মোদিকে সমর্থন নয় :মমতা
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২১:৩৫
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদিকে তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন দেবে না বলে জানিয়েছেন দলটির প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। -খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। শুক্রবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন বলে এনডিটিভির এক খবরে জানানো হয়।
জনসভায় দেয়া ভাষণে তিনি বলেন, “আমরা নরেন্দ্র মোদিকে সমর্থন করি না, আমরা কখনো তাকে সমর্থন করবো না।” দিল্লির কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত দশ বছর ধরে ইউপিএ দেশের ক্ষমতায় আছে, এরমধ্যে একবারও তারা নরেন্দ্র মোদিকে নিয়ে কিছু বলেনি। কিন্তু নির্বাচন কাছাকাছি হতেই মোদিকে আক্রমণ শুরু করেছে, আসলে কংগ্রেস আর বিজেপি আঁতাতের খেলা খেলছে।” এর আগে বৃহস্পতিবার বিজেপি ও কংগ্রেসকে একই মুদ্রার দুই পিঠ বলে বর্ণনা করেছিলেন মমতা। বিজেপি ও কংগ্রেসের মতো সিপিআই(এম)ও ভোট পাওয়ার জন্য একই ধরনের আঁতাতের খেলা খেলছে বলে অভিযোগ করেন তিনি।