ডেট্রয়েট দেউলিয়া ঘোষণার আবেদন প্রত্যাহারের নির্দেশ আদালতের

ঋণে জর্জরিত যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে দেউলিয়া ঘোষণা করার আবেদন প্রত্যাহার করে নেয়ার আদেশ দিয়েছে মিশিগানের একটি আদালত। বিচারক রসমেরি অ্যাকুইলিনা বলেন, শহর কর্তৃপক্ষের দেয়া এই পিটিশন তুলে নিতে হবে। কেননা, এ ধরনের আবেদন রাজ্যের সংবিধান পরিপন্থি। বিচারক রসমেরি অ্যাকুইলিনা সরকার কর্তৃক নিযুক্ত ডেট্রয়েটের ইমার্জেন্সি ম্যানেজার কেভিন ওরকে এই মর্মে নির্দেশ দেন যে, বৃহস্পতিবার দেউলিয়াত্মের যে পিটিশন দায়ের করা হয়েছে তা তাকে প্রত্যাহার করে নিতে হবে। ওই আবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের বৃহত্তম শিল্পসমৃদ্ধ শহর ১ হাজার ৮৫০ কোটি ডলার ঋণের দায়ভার বহন করতে না পারায় অবিলম্বে শহরটিকে দেউলিয়া হিসাবে ঘোষণা করা হোক। এ লক্ষ্যে সেদিন গভর্নরের অনুমোদন সাপেক্ষে শহর কর্তৃপক্ষ আদালতে আবেদন পেশ করেন। কিন্তু বিচারক সেই আবেদন বাতিল করে আর্জি প্রত্যাহারের আদেশ দেন। আদেশে বলা হয়, ২০১২ সালের মিশিগানের আইন অনুযায়ী গভর্নর রিক সিন্ডার শহরটিকে দেউলিয়া ঘোষণা করার পিটিশন দাখিল করার আবেদনে যে অনুমোদন দিয়েছেন তা এখানকার সংবিধানকে লঙ্ঘন করে। কারণ এটি নাগরিকদের প্রাপ্ত পেনশন ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। তার এ সুবিধা রহিত করার কোন ক্ষমতা নেই। আদালতের এই নির্দেশ দেয়ার একদিন পর রাজ্যের অ্যাটর্নি জেনারেল এর বিরুদ্ধে আপিল করেছেন বলে জানা গেছে। এদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডেট্রয়েটের ইমার্জেন্সি ম্যানেজার কেভিন ওর বলেন, এটা আমার নজরে রয়েছে যে, এই ঘোষণার মাধ্যমে ২০ হাজার অবসরভোগী, ৯৭ হাজার শ্রমজীবীর ভবিষ্যত্ অন্ধকারে চলে যাবে। তারপরও এর সুফল বেশিরভাগ ডেট্রয়েটবাসী ভোগ করবে বলে আমি আশাবাদী। অপরদিকে চলমান এই বিষয়টি নিয়ে শহরের অধিবাসীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।