সংবাদ কণিকা

মহাকাশে অঘটন ইটালির বিমানবাহিনীর অফিসার লুকা পারামিতানো আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে বেরিয়ে স্পেস ওয়াক করছিলেন। কিন্তু ঘটে গেল অঘটন। তাঁর স্পেস স্যুটের হেলমেটে গোলযোগ দেখা দেয়। এমনি অবস্থায় লুকা শুধু নিজের স্মৃতিশক্তিকে সম্বল করে আইএসএস-এ ফেরার চেষ্টা শুরু করলেন। ভাসমান সঙ্গী আমেরিকার ক্রিস্টোফর ক্যাসিডিও তাঁর অবস্থা বুঝে সাহায্য করতে এগিয়ে আসেন। ফলে সে যাত্রা আর কোনো সমস্যা হয়নি। —এপি অর্থ কি সুখী করে! শুধু অর্থ মানুষকে সুখী করতে পারে না। একথা সবাই জানে। কিন্তু সুখের ক্ষেত্রে অর্থেরও যে একটা বড় ভূমিকা রয়েছে, সে কথাকে অস্বীকার করা যায় কি? একটি গবেষণা থেকে জানা গেছে, ‘‘যারা বেশি অর্থ উপার্জন করেন, তাঁরা বেশি সুখী। সুইস অর্থনীতিবিদ ব্রুনো ফ্রেই জানান, ‘দরিদ্র দেশগুলোর সঙ্গে গড় আয় বেশি এমন সব দেশের মানুষের তুলনা করলে দেখা যায় যে, ধনী দেশের মানুষরা তুলনামূলকভাবে সুখীও বেশি।’ —ডয়েচে ভেলে নৌকাডুবিতে মৃত্যু মালয়েশিয়ায় নৌকাডুবির ঘটনায় এক ইন্দোনেশীয় মহিলার মৃত্যু ও অপর সাতজন নিখোঁজ হয়েছে। মালয়েশিয়া থেকে তাদেরকে অবৈধভাবে নিজ দেশে পাঠানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোরে দক্ষিণাঞ্চলীয় জোহোর রাজ্যের অদূরে সমুদ্রে নৌকাটি ডুবে যাবার পর এর ২৭ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটি ৩৫ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে যাচ্ছিল। —এএফপি ধর্মের আড়ালে টাকা উইরাপোল সুখফল নামে থাইল্যান্ডের এক বৌদ্ধ ভিক্ষু কমপক্ষে ৩ কোটি ২০ লাখ ডলারের মালিক ! ৪১টি ব্যাংক হিসাব আছে তার নামে। গত দু’বছরে ২২টি মার্সিডিজ বেঞ্জ কিনেছেন তিনি। তার বয়স ৩৩ বছর। থাইল্যান্ডের উবোন রাচাথানি প্রদেশের খুব গরীব ঘরে তার জন্ম। এই বৌদ্ধ ভিক্ষু সম্পর্কে যত জানা যাচ্ছে, বিস্ময়ের মাত্রা তত বাড়ছে। গত কয়েক বছর ধরে থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষুদের মাঝে মাঝেই স্ক্যান্ডালে জড়াতে দেখা যাচ্ছে। —এপি