ডিপিডিসি বাসাবো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২১:৩৮
আমরা ডিপিডিসি বাসাবো অঞ্চলের সাধারণ গ্রাহক। প্রতিমাসেই বিল পাওয়া মাত্র তা পরিশোধ করে থাকি। কিন্তু একজন সুপারভাইজার ও একজন মিটার রিডারের কাছে অনেকদিন ধরে জিম্মি হয়ে আছি। যথাসময়ে বিদ্যুত্ বিল পৌঁছুলেও অতিরিক্ত রিডিং দেখিয়ে বেশি বিল করার জন্য বিল পরিশোধের ক্ষেত্রে আমাদের নাভিশ্বাস উঠছে। বিষয়টি নিয়ে আমরা ক’জন কিছুদিন আগে বিদ্যুত্ অফিসে দেখা করতে গেলে সমস্যা সমাধান করার পরিবর্তে উলটো আমাদেরকেই বর্তমান মিটার পরিবর্তন করে নতুন মিটার লাগানোর পরামর্শ দেয়া হয়। সুপারভাইজার ও মিটার রিডারের সঙ্গে আপস করার জন্য বিদ্যুত্ অফিসেরই ক’জন লোক আমাদের পরামর্শ দেন। তারা বলেন, অফিসের লোকজনদের চটিয়ে লাভ নেই। এরা শুধু আইন দেখাবে। তার চেয়ে প্রতিমাসে তাদের হাতে কিছু গুজে দিলে তারা সন্তুষ্ট থাকলে মিটারের রিডিং ঠিক আসবে। সম্প্রতি জানতে পারলাম আমার বাড়ির আশপাশের প্রায় সব দোকান থেকেই এলাকার মিটার রিডার নানা অঙ্কের মাসোহারা আদায় করে থাকে। মিটার পরিদর্শনের জন্য তারা অফিস থেকে নির্ধারিতহারে বেতন পেয়ে থাকেন। এরপরও কেন এই অনিয়ম? আমাদের কষ্টার্জিত টাকা কেন তাদেরকে এভাবে দিতে হবে? এ বিষয়ে ডিপিডিসি বাসাবো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আরিফুর রহমান,
খিলগাঁও তিলপাপাড়া,সড়ক নম্বর , ঢাকা ১২১৯