জাসদ নেতা হত্যা
বানারীপাড়ায় ১৪ জনের বিরুদ্ধে মামলা
লাশ নিয়ে বিক্ষোভ মিছিল
বানারীপাড়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২২:০৯
বানারীপাড়ায় গত শুক্রবার উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবিরকে প্রকাশ্যে হত্যা করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার নিহতের ছোট ভাই সৈয়দ তরিকুল ইসলাম আপনূর বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শাসকদল সমর্থিত ২ ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করা হয়েছে। চেয়ারম্যানদ্বয় হলেন—উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু ও সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু।
এদিকে মামলার আসামী সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ. সালাম হাওলাদার ওরফে গাছ সালাম ও তার সহযোগী জসিম শরীফকে গত শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে নিহত জাসদ নেতা সৈয়দ হুমায়ুন কবিরের লাশ নিয়ে গতকাল শনিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দল-মত নির্বিশেষে এলাকাবাসীসহ জাসদের নেতাকর্মী। সলিয়াবাকপুর গ্রামীণ ব্যাংকের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি চাখার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। আজ রবিবার সকালে চাখার ডাকবাংলোর সামনের সড়কে নিহত কবিরের জানাজা শেষে মাদারকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। স্থানীয় বিশিষ্টজনরা তার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছে।