‘মহাজোট ক্ষমতায় না এলে বিপর্যয় নামতে পারে’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিপর্যয় নেমে আসতে পারে। তাই তাদের প্রতিহত করতে মহাজোট আরও সম্প্রসারণ করা উচিত। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বিষয়ে এখন পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় জনমনে শঙ্কা সৃষ্টি হয়েছে। দেশ এক অনিবার্য সংঘাত ও সংঘর্ষের দিকে এগুবে। এতে দেশে অসাংবিধানিক হস্তক্ষেপ আসতে পারে বলে তিনি মন্তব্য করেন। শনিবার তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। বর্তমান সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করেন মেনন। পাশাপাশি তিনি বলেন, এখন থেকেই যদি সরকারের ধারাবাহিক সাফল্য প্রচার করা যায়, সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করা যায়, তাহলে এই সরকার আবার ক্ষমতায় আসবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি আশংকা করেন, আগামী দিনে এ সরকার যদি ক্ষমতায় না আসে, তবে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ হয়ে যাবে। যারা দন্ড পেয়েছেন তারা মুক্তি পাবেন। নারীরা আফগানিস্তানের স্বাধীনতাবিহীন অবস্থায় ঘরে অবরুদ্ধ থাকবেন। জামায়াতে ইসলাম নিষিদ্ধের দাবি জানিয়ে এই নেতা বলেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, মানবতাবিরোধী ট্রাইব্যুনালে দন্ডিতরা নির্বাচন করতে পারবে না। এ ছাড়া ট্রাইব্যুনাল জামায়াতকে স্বাধীনতাবিরোধী সংগঠন বলেছে। সুতরাং, তাদের নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। সম্মেলনে পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, নুরুল হাসান, ফজলে হোসেন বাদশা, মাহমুদুল হাসান মানিক, শফিউদ্দিন আহমেদ, হাজেরা সুলতানা, কামরুল আহসান, রফিকুল ইসলাম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।