কেন্দ্রীয় ব্যাংকের ক্যাশ কাউন্টারে প্রবেশে কড়াকড়ি
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২২:২২
ঈদুল-ফিতর উপলক্ষে সাধারণ গ্রাহকদের জন্য নতুন টাকা সরবরাহ নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ ব্যাংকের ক্যাশ কাউন্টারে কেন্দ্রীয় ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী এবং টাকা বিনিময়ে নিয়োজিত ব্যবসায়ীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ক্যাশ কাউন্টারে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও মুদ্রা বিনিময়কারীদের প্রবেশাধিকার থাকলে নতুন টাকা প্রদানের ক্ষেত্রে অনিয়ম হতে পারে এ আশংকায় বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকের মতিঝিল শাখার নিজ একাউন্ট থেকে নতুন টাকা উত্তোলনের সুযোগ পাবেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঈদসহ যে কোন উত্সবে নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় আমরা বাজারে নতুন নোট ছেড়ে থাকি। এ সময় মুদ্রা বিনিময়কারীসহ বিভিন্ন দালাল চক্র এই সুযোগে নতুন নোটের ব্যবসা করতে চায়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা স্বজনদের নতুন টাকার চাহিদা বিবেচনায় নিয়ে তারাও ক্যাশ কাউন্টারে ভিড় করতে পারে। এ কারণে আমরা ক্যাশ কাউন্টারে তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছি।’ তিনি বলেন, সাধারণ গ্রাহকরা কোন ধরনের হয়রানি ছাড়াই যেন নতুন টাকা পেতে পারেন এ জন্য ক্যাশ কাউন্টারে প্রবেশাধিকারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাংবাদিকসহ অন্য পেশাজীবীদের জন্য কেন্দ্রীয় ব্যাংকে ঈদের আগে পৃথক একটি কাউন্টার চালু করা হবে বলে তিনি জানান। এবার ঈদ ও রমজান উপলক্ষে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন মূল্যমানের মোট ২০ হাজার কোটি টাকার নোট বাজারে ছেড়েছে। এর মধ্যে নতুন নোট রয়েছে ৯ হাজার কোটি টাকা। পয়লা রমজান থেকে এই টাকা বিতরণ শুরু হয়েছে।