বিমানবন্দরে অর্ধকোটি টাকার পণ্য আটক, গ্রেফতার ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধ কোটি চোরাচালানি পণ্যসহ মিজানুর রহমান ওরফে রিপন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা শুক্রবার রাতে তাকে ক্যানোপি-২ এলাকা থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় আধা কেজি স্বর্ণ, শতাধিক নিক্কন ও সোনি ডিএলআর ক্যামেরা, গ্যালাক্সি মোবাইল ও ৯টি ল্যাপটপ। এপিবিএন-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, রিপন শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দর ক্যানোপি-২ অতিক্রমের সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে উদ্ধার করা হয় অর্ধ কোটি টাকার মালামাল। রিপনের গ্রামের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা থানার হরিণটানা ঝুলনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছেন, তার সঙ্গে থাকা পণ্যগুলো সুজন নামে এক ব্যক্তির। তিনি এগুলো সিঙ্গাপুর থেকে ঢাকায় বহন করে আনছিলেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।