ফল পুনর্মূল্যায়ন দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-অবরোধ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল পুনর্মূল্যায়নসহ নতুন শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে গতকাল শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার নতুন নিয়মের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক দল শিক্ষার্থীর অবস্থানের কারণে সেখানে গাড়ি চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। শাহবাগ থানার পরিদর্শক মো. শহীদ সাংবাদিকদের বলেন, ছাত্রদের বুঝিয়ে-শুনিয়ে সড়ক থেকে সরালে ১টা থেকে যান চলাচল শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নতুন নিয়মের জন্য অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠতে পারেনি। গ্রেডিং পদ্ধতি করায় ফলের এই বিপর্যয় বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। বেলা পৌনে ১২টা থেকে মহাখালীর আমতলী মোড়ে সড়ক অবরোধ করে তিতুমীর সরকারি কলেজের একদল ছাত্র। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর তাদের তুলে দেয় পুলিশ। তিতুমীর কলেজের প্রথম বর্ষের এক ছাত্র বলেন, আগে এক বিষয়ে ফেল করলেও পরবর্তী বর্ষে উঠে মানোন্নয়ন পরীক্ষা দেয়া যেত। এবার তা না করে তাদের ফেল করিয়ে দেয়া হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নতুন নিয়ম বাতিলের দাবি করেন। কয়েক দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়। দুই লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিলেও প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য হয়। গত বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেড পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে। নতুন নীতিমালা অনুযায়ী প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে ওঠার জন্য শিক্ষার্থীদের জিপিএ কমপক্ষে ১ দশমিক ৭৫ পেতে হবে। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উঠতে লাগবে কমপক্ষে ২ এবং তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে উঠতে পেতে হবে কমপক্ষে ২ দশমিক ২৫। এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স (স্নাতক) ১ম বর্ষের ফলাফল বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে সাভার থানা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা এসময় অভিযোগ করে বলেন, পূর্বের কোন ঘোষণা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন আইন করেছে যা শিক্ষার্থীদের ভবিষ্যতের শিক্ষা জীবনে নৈতিবাচক প্রভাব ফেলবে। এবারের ফলাফলে মোট ২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে জানিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষা ভালো দেওয়ার পরও অনেককে ফেল করানো হয়েছে। অবিলম্বে তারা এ ফলাফল বাতিলের আহ্বান জানান। গোপালগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯-২০১০ ও ২০১০-২০১১ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফল পুনর্মূল্যায়নসহ ৩ দফা দাবীতে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শতশত অকৃতকার্য শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে। গতকাল সকাল ১০ টায় শিক্ষার্থীরা কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে সাইকেলের টায়ারে আগুন ধরিয়ে দিয়ে ৩ দফা দাবীতে স্লোগান দিতে থাকে। পরে সাড়ে ১০টার দিকে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। দাবী মেনে না নেয়া হলে সোমবার পুনরায় ব্যাপকভাবে আন্দোলনের হুমকি দেয় শিক্ষার্থীরা। মানিকগঞ্জ প্রতিনিধি: অনার্স প্রথম বর্ষের উত্তরপত্র ও ফলাফল পুনর্মূল্যায়নের দাবীতে গতকাল মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি দেবেন্দ কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে তারা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দুপুরে দেবেন্দ কলেজ ক্যাম্পাস থেকে কয়েকশ শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সৃষ্টি করে তারা। প্রায় ২০ মিনিট পর পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। রংপুর প্রতিনিধি: অটো প্রমোশন চালু, অনার্স ১ম বর্ষের ফলাফল সংশোধন করাসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার রংপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে কারমাইকেল এবং রংপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল সকালে কারমাইকেল কলেজের শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে লালবাগ রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে তারা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ২ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে সড়কের দুইপার্শ্বে শত শত যান আটকা পড়ে। চরম ভোগান্তির শিকার হয় সাধারণ যাত্রীরা। বরিশাল অফিস: সম্মান প্রথম বর্ষের পরীক্ষার খাতা পুনঃ নিরীক্ষণ সহ ৫ দফা দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল শনিবার নগরীর প্রাণ কেন্দ সদর রোডে মানববন্ধন শুরু করলে পুলিশ বাঁধা দেয়। শিক্ষার্থীরা জানায়, পুলিশ মানববন্ধনে লাঠিচার্জ শুরু করলে জেলা প্রশাসক উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের ভর্ত্সনা এবং শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করার মৌখিক অনুমতি দেয়। কুমিল্লা প্রতিনিধি: ২০১০-২০১১ শিক্ষাবর্ষের সদ্য প্রকাশিত স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের ফলাফল পুনর্বিবেচনা এবং গ্রেডিং পদ্ধতি সংশোধনীর দাবিতে গতকাল কুমিল্ল¬া ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বলেছে, এর মধ্যে দাবি পূরণ না হলে যে কোন কর্মসূচির দায়ভার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। এসময় বক্তব্য রাখেন, গণিত বিভাগের শিক্ষার্থী শরিফুল কবির মাহিদ, হিসাব বিজ্ঞান বিভাগের আমান উল্ল¬াহ আমান, আল মামুন, শাহপরান, ইকবাল, রেহানা আফরোজ, আপেল, সাব্বির আহমেদ, বৃষ্টি, মনিশা প্রমুখ। যশোর অফিস: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে নতুন পরীক্ষা পদ্ধতিতে যশোরের ৪টি কলেজের দেড় হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। কলেজ ৪টি হচ্ছে, যশোর সরকারি এমএম কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ ও ক্যান্টনমেন্ট কলেজ। ক্ষতিগ্রস্ত এসব কলেজের শিক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়নের দাবিতে শনিবার স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ওই কলেজ ৪টির অকৃতকার্য শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।