সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে ওবামার মনোনয়ন পেলেন নিশা দেশাই
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২৩:০৫
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদে প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনয়ন পেয়েছেন ভারতীয়-আমেরিকান নিশা দেশাই বিশাল। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সির সহকারী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিনেটের অনুমোদন পেলে বর্তমান সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেকের স্থলাভিষিক্ত হবে তিনি। খবর: টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু।
নিয়োগ চূড়ান্ত হলে নিশা বিশাল হবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্বপালনকারী সর্বপ্রথম দক্ষিণ এশীয় ও ভারতীয় আমেরিকান। তিনি ভারত, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, পাকিস্তান, কাজাখস্থান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের বিষয়ে নীতি নির্ধারণে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নেতৃত্ব দেবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া ব্যুরোর সূত্রমতে, সিনেটে নিশা বিশালের মনোনয়ন সংক্রান্ত শুনানির দিন এখনও ধার্য করা হয়নি। তবে সিনেট শুনানিতে নিশা বিশালের মনোনয়ন চূড়ান্ত হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত।
তিনি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১০ সাল থেকে নিশা বিশাল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সির সহকারী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর, হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর ইন্টারন্যাশনাল রিলেশন্স কমিটি, ইউএসএআইডি ও রেডক্রসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।