রাজশাহীতে ঈদের বাজার জমজমাট
প্রকাশ : ২০ জুলাই ২০১৩, ২৩:০৬
টানা চারদিনের হরতারশেষে ক্রেতাদের উপচেপড়া ভীড়ে রাজশাহীর ঈদের বাজার জমে উঠেছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার নগরীর বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানের সর্বত্র ক্রেতাদের ব্যাপক ভীড় পরিলক্ষিত হয়েছে। অধিকাংশ দোকানে ক্রেতাদের লাইনে অপেক্ষায় থেকে কেনাকাটা করতে দেখা গেছে।
ক্রেতাদের ভীড়ে নগরীর সাহেববাজার এলাকায় দু’দিন থেকে তীব্র যানজট লেগেই আছে। রিকশা ও অটোরিকশাসহ যানবাহন ও মানুষের ভীড়ে ভারাক্রান্ত হয়ে উঠছে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার ও আশেপাশের এলাকা। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পুলিশকে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, এমনিতেই সাপ্তাহিক ছুটির দিনে নগরীর বাজারগুলোতে অন্য দিনের চেয়ে ক্রেতাদের চাপ বেশি থাকে। চারদিনের হরতাল এবং ঈদ-উল ফিতরকে সামনে রেখে বাজারে ক্রেতা সমাগম বেড়েছে। নগরীর সাহেববাজার কাপড়পট্টির এক দোকানী বলেন, হরতালের দিনেও তারা দোকান খোলা রাখলেও ক্রেতা সমাগম হয়নি। তবে হরতালশেষে ক্রেতা সমাগম বেড়েছে। সেইসঙ্গে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ক্রেতারা পুরোপুরি কাজে লাগিয়েছেন।
ক্রেতারা বলছেন, রমজানের বাজারে প্রত্যেকের কমবেশি কেনাকাটা থাকে। কিন্তু হরতাল, বোমাবাজি ও পুলিশের সাথে সংঘর্ষের কারণে আতঙ্কে মানুষ তেমন বাইরে বের হয়নি। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মানুষ তা কাজে লাগিয়েছে। প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলতে চাইছেন তারা।
বিদেশি এনজিওতে কর্মরত একজন বলেন, এনজিওতে কাজ করার সুবাদে তিনি ইতোমধ্যেই ঈদ বোনাস পেয়ে গেছেন। তা সত্ত্বেও চারদিন হরতালের কারণে ঈদের কেনাকাটা করা সম্ভব হয়নি। এজন্য সাপ্তাহিক ছুটির দিনে ঈদের কেনাকাটা সেরে ফেলেছেন।